উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে এক নজিরবিহীন প্রতারণার ঘটনা ঘটেছে। জীবিত মা’কে কাগজে-কলমে মৃত দেখিয়ে নিজের পৈতৃক বসতভিটাসহ ২১ শতক জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল জলিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। জুয়ার টাকার জোগান দিতে গত প্রায় সাত মাস আগে প্রতিবেশীর কাছে এই জমি বিক্রি করা হয় বলে জানা গেছে। সম্প্রতি ক্রেতা মজিবুর রহমান লোকজন নিয়ে পানের বরজ ও বড় পুকুরসহ সম্পত্তির দখল নিতে গেলে জালিয়াতির এই ঘটনা প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী পরিবার নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল তোলার পর জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়। গত ১৮ই ফেব্রুয়ারি ১১৫৪ ও ১১৫৫ নম্বরসহ দুটি দলিলের মাধ্যমে এই জমি রেজিস্ট্রেশন করা হয়। পূর্ব রাজাবাড়িয়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মজিবুর রহমান এই জমির ক্রেতা হিসেবে রয়েছেন। দলিলটিতে সাক্ষী হিসেবে মো. হোসেন মিয়া সই করেছেন এবং ঝন্টু সরকার নামের এক দলিল লেখক এটি সম্পাদন করেছেন।
কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধা রহিমা বেগম বলেন, আমি তো মরছি না, তাহলে কীভাবে আমার ছেলে আমাকে মরা বানিয়ে জমি বিক্রি করল? আমি এর কঠিন বিচার চাই। অভিযুক্ত জলিলের স্ত্রী নাছিমা বেগম ও ছোট ভাই অলি মিয়া জানান, জলিল জুয়া খেলায় আসক্ত এবং একটি চক্রের কাছে জিম্মি হয়ে এই কাজ করেছে। ছোট ভাই অলি মিয়া প্রশ্ন তোলেন, ভুয়া মৃত্যু সার্টিফিকেট কে দিল এবং সাব-রেজিস্ট্রি অফিস কীভাবে এই জালিয়াতির দলিল রেজিস্ট্রি করল।
এই ঘটনার পর থেকে অভিযুক্ত জলিল ও তার চক্র ভুক্তভোগী পরিবারের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। দলিল লেখক ঝন্টু সরকার দাবি করেন, তাকে মৃত সার্টিফিকেট ও ওয়ারিশান দেওয়া হয়েছিল এবং তা দেখে তিনি দলিল সম্পন্ন করেছেন। স্থানীয় ইউপি সদস্য মো. হামিদুল মৃত সার্টিফিকেট ও ওয়ারিশ দেওয়ার কথা স্বীকার করে ভুল হয়েছে বলে জানান এবং বিষয়টি দেখছেন বলে উল্লেখ করেন।