উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গেই অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে মাথা ঢাকার কাপড় পরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, নতুন এই আইনের আওতায় দেশটির সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বা বোরকার মতো ঐতিহ্যবাহী মুসলিম পোশাক নিষিদ্ধ করা হয়েছে।
রক্ষণশীল পিপলস পার্টির (ওভিপি) মন্ত্রী ক্লডিয়া বাউয়ার মন্তব্য করেছেন যে, হিজাব হলো নিপীড়নের প্রতীক এবং শৈশবের শুরু থেকেই মেয়েদের নিয়ন্ত্রণের মাধ্যম। তবে সমালোচকদের মতে, এই আইনটি অস্ট্রিয়ায় মুসলিমবিরোধী মনোভাব উসকে দিচ্ছে এবং এটি অসাংবিধানিকও হতে পারে।
ওভিপি, সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিও) এবং নিওস—এই তিন দলের জোট প্রণীত আইনটির উদ্দেশ্য হিসেবে লিঙ্গসমতার প্রতি অঙ্গীকার ও তরুণীদের অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে। অস্ট্রিয়ার সরকারি ইসলামিক কমিউনিটির (আইজিজিও) কার্লা আমিনা বাগাজাতি বিবিসিকে জানিয়েছেন, তারা এই নিষেধাজ্ঞার দৃঢ় বিরোধিতা করেন কারণ এটি ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকার সীমিত করে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নের দায়িত্ব শিক্ষকদের ওপর ন্যস্ত করা হয়েছে এবং কোনো শিক্ষার্থী নিয়ম ভাঙলে শিক্ষককে অভিভাবকের সঙ্গে আলোচনা করতে হবে। বারবার আইন অমান্য করা হলে শিশু সেবা বিভাগকে জানানোর পাশাপাশি অভিভাবকদের সর্বোচ্চ ৮০০ ইউরো বা ৬৮৫ পাউন্ড জরিমানা করা হতে পারে। অন্যদিকে, উগ্র ডানপন্থী দল ফ্রিডম পার্টি (এফপিও) শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য স্কুলে হিজাব ও মুখঢাকা পোশাকের ওপর আরও পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দাবি করেছে। রিকার্ডা বার্গার বলেছেন যে, অস্ট্রিয়ায় রাজনৈতিক ইসলামের কোনো স্থান নেই।