উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমোজ প্রণালীতে নতুন ‘রেস্ট্রিক্টেড জোন’ বা সীমাবদ্ধ এলাকা প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ইরান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার পর এই পদক্ষেপকে পরিস্থিতির ‘বিপজ্জনক অবনতি’ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, ওমানের সঙ্গে যৌথভাবে একটি অস্থায়ী নৌ-পথের বিষয়ে সমঝোতা হয়েছে। এই নতুন আন্তর্জাতিক করিডোরটি ইরান ও ওমানের জলসীমার মধ্যে পড়বে, যার ব্যবস্থাপনায় থাকবে ইরান। শিগগিরই এই সংক্রান্ত মানচিত্র চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তা রেজায়ি।
এদিকে, তেহরানের একটি দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, একটি মার্কিন জাহাজ ইরানের নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করলে হামলার শিকার হয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এই তথ্যকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছেন।
যুদ্ধের আগে এই পথ দিয়ে দৈনিক ১৩০টির বেশি জাহাজ চলাচল করত, যা বর্তমানে গড়ে ১০ থেকে ১৩টিতে নেমে এসেছে। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট জানান, আগে প্রতিদিন ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল এই পথে যেত, যা এখন কমে প্রায় ৯০ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।
গত ১৭ জুন স্বাক্ষরিত ৬০ দিনের একটি সমঝোতা স্মারক (MoU) গত মাসে শেষ হওয়ার পর থেকেই উভয় পক্ষ আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে। মার্চ মাস থেকে শুরু হওয়া এই উত্তেজনায় এ পর্যন্ত অন্তত ১৯ জন নাবিক প্রাণ হারিয়েছেন এবং বহু জাহাজ হামলার শিকার হয়েছে।
সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন স্টাডিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্টিফেন জুনস মনে করেন, ইরানের পক্ষে এই নতুন অঞ্চল সামরিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। মার্কিন সামরিক সুরক্ষায় থাকা জাহাজগুলোর বিরুদ্ধে ইরান কতোটা কার্যকর পদক্ষেপ নিতে পারবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
বিশ্লেষকদের মতে, ওমানের সাথে প্রস্তাবিত চুক্তিটি কার্যকর হলে ইরান হয়তো এই কড়াকড়ি থেকে সরে আসতে পারে। অন্যথায়, ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করতে তেহরান এই ‘রেস্ট্রিক্টেড জোন’ পরিকল্পনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।