উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যু নিছক সড়ক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাইফুর রহমানের মতো একজন অর্থনীতিবিদ, যিনি দেশের অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে তুলতে ভূমিকা রেখেছেন, তার মৃত্যু নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক এবং বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত মরহুম এম সাইফুর রহমানের ১৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
রিজভী আরও বলেন, সাইফুর রহমান জাতির সম্পদ ও বিএনপির গৌরব ছিলেন এবং তাঁর অর্জন দেশে-বিদেশে স্বীকৃত। মূল্য সংযোজন কর বা ভ্যাট চালুর সময় ব্যাপক সমালোচনা হলেও পরবর্তী সময়ে কেউ তা বাতিল করেনি এবং এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর সময়ে দেশের অর্থনীতি সুশৃঙ্খল ছিল উল্লেখ করে তিনি জানান, তখন ব্যাংক লুট, অর্থ পাচার কিংবা ব্যাংক থেকে সরকারের ঘাটতি বাজেট পূরণের মতো ঘটনা শোনা যায়নি এবং তাঁর নীতি ও ব্যবস্থাপনার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্ত অবস্থানে ছিল।
কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, উত্তরাঞ্চলের মৌসুমি অভাব বা মঙ্গা মোকাবিলায় তিনি বিকল্প কর্মসংস্থান ও কৃষি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছিলেন। কৃষি উৎপাদন বাড়ানো, মসলা জাতীয় পণ্যের আমদানি নির্ভরতা কমানো এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছিলেন তিনি। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাইফুর রহমানের ছোট ছেলে এম নাসের রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ জি. কে গউছ এম. পি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সরকারি তিতুমীর কলেজছাত্র সংসদের সাবেক ভিপি এ. জি. এম শামসুল হক এবং জাসাস সভাপতি চিত্রনায়ক হেলাল খানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।