উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণকে একটি টেকসই সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এই আহ্বান জানান। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
সভায় জানানো হয় যে, ২০২৬ সালে মোট ৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি চারা রোপণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে নিজস্ব উৎপাদিত চারা দিয়ে প্রায় ৩ কোটি ৮২ লাখ এবং নিজস্ব অর্থায়নে সংগৃহীত চারা দিয়ে প্রায় ১ কোটি ৩৩ লাখ চারা রোপণ ও পরিচর্যা করা হবে। এছাড়া এনজিও বিষয়ক ব্যুরোর তথ্য অনুযায়ী বিভিন্ন এনজিও ইতোমধ্যে ২৫ লাখ চারা রোপণ করেছে এবং স্থানিক তথ্য পাওয়ার পর তা মূল তথ্যভাণ্ডারে যুক্ত করা হবে। আগামী ডিসেম্বরে উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ প্রজাতির চারা রোপণের মাধ্যমে চলতি বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রতিমন্ত্রী স্থানীয় আবহাওয়া ও মাটির গুণের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। নদী, খাল, বেড়িবাঁধ, সড়ক ও রেলপথের পাশের উপযোগী জমিতে পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে এবং ক্ষতিগ্রস্ত চারা দ্রুত প্রতিস্থাপন করতে হবে। তিনি স্পষ্ট করে বলেন যে কেবল চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, বরং চারা বড় করে তুলতে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। রোপণের পরবর্তী চার বছর চারার রক্ষণাবেক্ষণের পরিকল্পনা প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহকে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।
উক্ত সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামিমা বেগমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া বন অধিদপ্তরের প্রতিনিধি, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, কারিগরি বিশেষজ্ঞ মো. জামাইল বশীর জেবি এবং প্রকৌশলী শাহ আদনান মাহমুদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও কর্মকর্তারা সভায় অংশ নেন।