উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নব্বইয়ের দশকে বলিউডে আন্ডারওয়ার্ল্ড ও গ্যাংস্টারের দাপটের দিনে বহু তারকা নানা হুমকির মুখে দিন কাটালেও অসীম সাহসের পরিচয় দিয়েছিলেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সঞ্জয় গুপ্ত প্রকাশ করেছেন সেই রোমাঞ্চকর অজানা তথ্য। ১৯৯৭ সালে ডুপ্লিকেট সিনেমার শুটিং চলাকালীন কুখ্যাত গ্যাংস্টার আবু সালেমের সরাসরি হুমকির মুখে পড়েছিলেন এই অভিনেতা।
গ্যাংস্টার-ঘনিষ্ঠ এক প্রযোজকের সিনেমায় অভিনয়ে রাজি না হওয়ায় তাকে ফোনে গালাগাল ও চাপ দেওয়া হয়েছিল। কিন্তু অনড় শাহরুখ তাতে একটুও নতি স্বীকার করেননি। সঞ্জয় গুপ্ত জানান, আন্ডারওয়ার্ল্ডের রক্তচক্ষুর সামনে একমাত্র শাহরুখই বুক চিতিয়ে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি কোনো ছবি বা অনুষ্ঠানে অংশ নেবেন না এবং চাইলে তাকে গুলি করে দেওয়া যেতে পারে।
শাহরুখের এই অকুতোভয় মনোভাব দেখে আন্ডারওয়ার্ল্ড চক্রও পিছু হটতে বাধ্য হয় এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার প্রতি সবার সম্মান বহুগুণ বেড়ে যায়। তবে ওই ঘটনার পর জীবনের নিরাপত্তার স্বার্থে তাকে টানা তিন বছর কড়া পুলিশি পাহারায় চলাফেরা করতে হয়েছিল। পরবর্তীতে এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেও স্বীকার করেছিলেন যে দীর্ঘ সময় তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকির মুখেই কাজ চালিয়ে যেতে হয়েছিল।