উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অধ্যয়নের সুযোগ অর্জন করেছেন হবিগঞ্জের চুনারুঘাটের মেধাবী শিক্ষার্থী দীপ্তিতা দাশ। বিশ্বের অন্যতম সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানে তার এই সাফল্যে পুরো চুনারুঘাট এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
দীপ্তিতার বাবা দিলীপ দাশ এবং মা মিতা দাশ সপরিবারে বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী হিসেবে বসবাস করছেন। তার প্রয়াত দাদা নিরঞ্জন দাশ চুনারুঘাট মধ্যবাজারের সুপরিচিত ‘নিরঞ্জন সিটি’র স্বত্বাধিকারী ছিলেন।
উল্লেখ্য, বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠান থেকে অতীতে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি ও আইনজীবী মিশেল ওবামা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি. হেইসের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দীপ্তিতার কাকা সজল দাস তার এই অর্জন প্রসঙ্গে জানান যে এমন একটি প্রতিষ্ঠানে দীপ্তিতা দাশের পড়ার সুযোগ পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে আনন্দ ও গর্বের।
সবাইর কাছে আশীর্বাদ চেয়ে মোবাইল ফোনে দীপ্তিতা দাশ গণমাধ্যমকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন যে তিনি পড়াশোনা শেষ করে দেশের কল্যাণে কাজ করতে চান।