উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের সম্ভাব্য প্রার্থিতা থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ)। ২০২৬ বিশ্বকাপের একটি ম্যাচে মার্কিন খেলোয়াড় ফোলারিন বালোগুনের বিতর্কিত লাল কার্ড প্রত্যাহার এবং টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনাকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আরবিএফএ জানায়, দুটি বিষয়েই ইনফান্তিনোর স্বচ্ছতার অভাব রয়েছে এবং তারা বর্তমান ফিফা প্রধানকে আর সমর্থন করতে পারছে না। আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য ভোটের আগে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা ফিফা নিশ্চিত করার পরই এই ঘোষণা এল।
বিশ্বকাপের ১৬ দলের রাউন্ডে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের আগে মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ড ফিরিয়ে নেওয়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন, সঠিক কাজটি করার জন্য ফিফাকে ধন্যবাদ এবং একটি বড় অবিচারের প্রতিকার করা হয়েছে। মার্কিন ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জানায়, আমরা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং ফোলারিন বালুগণ আগামীকালের খেলায় অংশ নিতে পারায় আনন্দিত। তবে আরবিএফএ ফিফার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানালেও ফিফা আপিল কমিটি তাদের আবেদনটি অগ্রহণযোগ্য বলে ঘোষণা করে। বেলজিয়ান অ্যাসোসিয়েশন যুক্তি উপস্থাপন না করায় ফিফার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে।
সর্বশেষ বিবৃতিতে আরবিএফএ জানিয়েছে যে তারা এখনও কোনো সন্তোষজনক উত্তর পায়নি এবং আগামী ১৫ অক্টোবর পরবর্তী ফিফা কাউন্সিল মিটিংয়ের এজেন্ডায় বালোগুন বিষয়টি তোলার অনুরোধ জানিয়েছে। এছাড়া ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামক একটি নতুন ফিফা-মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠানকে বিশ্ব কাপে বেসরকারি বিনিয়োগ আমন্ত্রণের বিষয়টিও সমর্থন প্রত্যাহারের অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। বেলজিয়ান ফেডারেশন জানিয়েছে, এই বিনিয়োগ পরিকল্পনাগুলো প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সুশাসন নিয়ে প্রশ্ন তুলেছে। বিবৃতিতে বলা হয়, ফিফা, সুশাসন এবং আন্তর্জাতিক ফুটবলের স্বার্থে এই ধরনের বিষয়গুলো স্বচ্ছ ও কঠোরভাবে পরিচালনা করা অত্যন্ত জরুরি।
বেলজিয়ামের ফুটবল ফেডারেশন জানিয়েছে যে তারা উভয় ইস্যু নিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা আনতে তারা চাপ অব্যাহত রাখবে। আরবিএফএর সভাপতি প্যাসকেল ভ্যান ড্যামে নিশ্চিত করেছেন যে তার দল ফিফার সাথে যোগাযোগ করেছে কিন্তু তাদের প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের জন্য স্বচ্ছতা ও স্পষ্টতার গুরুত্ব বিবেচনা করে আমরা প্রয়োজনীয় ব্যাখ্যা দাবি করছি এবং একই সাথে বর্তমান প্রক্রিয়ায় কোথায় উন্নতি করা সম্ভব তা অন্বেষণ করতে চাই।