উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পেনের জাতীয় খাবার পায়েয়ার অন্যতম প্রধান উপাদান জাফরানের জন্য ইরান আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির মুখে দেশটির জাফরান বাণিজ্য এবং প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলো সংকটে পড়তে পারে। তবে স্প্যানিশ সরকারের বাণিজ্য সংস্থা আইসিইএক্স-এর মারিয়া নারানহো জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞার সম্পূর্ণ বিবরণ না আসা পর্যন্ত এর আসল প্রভাব মূল্যায়ন করা সম্ভব নয়।
স্প্যানিশ সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানের সঙ্গে স্পেনের দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ ছিল প্রায় ২৪ কোটি ৫০ লাখ ইউরো বা ২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ইরান থেকে ৬ কোটি ১০ লাখ ডলারের জাফরান আমদানি করা হয়েছে, যা দেশটির মোট আমদানির ৪০ ভাগের বেশি। তবে ভ্যালেন্সিয়ার স্থানীয় শেফ ভিসেন্টে রোজা আত্মবিশ্বাসী যে, স্পেনের এই ঐতিহ্য কেউ কেড়ে নিতে পারবে না এবং তারা যেকোনো পরিস্থিতি সামলে নেবে।
সিইএইই নামক একটি স্প্যানিশ জাফরান রপ্তানি প্রতিষ্ঠানের জোসে লুইস গুরেরো জানিয়েছেন, ইরান তাদের সবচেয়ে বড় সরবরাহকারী এবং এরপর তারা সারা বিশ্বে জাফরান বিক্রি করে থাকে। যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তা দেখার পরই বিষয়টি নিয়ে ভাবার সময় আসবে বলে মন্তব্য করেন তিনি। এর আগে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে ন্যাটো প্রতিরক্ষা ব্যয় এবং মধ্যপ্রাচ্য সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল।
মারিয়া নারানহো আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নে ইরান থেকে আমদানিকৃত জাফরানের তিন-চতুর্থাংশই আসে স্পেনের মাধ্যমে। জাফরান আমদানিতে কোনো বিঘ্ন ঘটলে সাধারণ ভোক্তাদের খাবারে সংকট না হলেও স্প্যানিশ কোম্পানিগুলোর প্রক্রিয়াজাতকরণ এবং আন্তর্জাতিক বিতরণে বড় প্রভাব পড়তে পারে। তবে বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন এই কৌশলটির সাফল্য মূলত ইরানের প্রধান বাণিজ্য অংশীদার ও তেল ক্রেতা চীনের ওপর নির্ভর করছে।