উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অধিকৃত পশ্চিম তীরে এক ইসরাইলি বসতি স্থাপনকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। সোমবার (৭ সেপ্টেম্বর) ইসরাইলি আর্মি রেডিও জানায়, নাবলুস গভর্নরেটের উসারিন গ্রামের কাছে ১৯ বছর বয়সী ওই বসতি স্থাপনকারী গুরুতর আহত হন এবং হামলার পর সন্দেহভাজন এক ফিলিস্তিনি ব্যক্তি গাড়িতে করে পালিয়ে যান।
পরে তাকে ধরতে অভিযান চালায় ইসরাইলি বাহিনী এবং সেনাদের ছুরিকাঘাতের চেষ্টা করলে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ইসরাইলি চ্যানেল ১২ জানায়, আহত বসতি স্থাপনকারীর শরীরে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে এবং হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়ার পর তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। আল জাজিরার সংবাদদাতা লায়থ জার জানিয়েছেন, এই ঘটনার পর পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রামে লকডাউন জারি করা হয়।
ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী কাটজ সতর্ক করে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী ইসরাইলি সেনা ও ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে ৭ অক্টোবরের হামলার মতো কোনো হামলা চালালে, অথবা এমন হামলার প্রস্তুতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেলে, পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত করা হবে। কাটজ আরও যোগ করেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তিনি নিজে সামরিক বাহিনীকে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।