উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে সামুদ্রিক জাহাজের জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথগুলো প্রায় অচল হয়ে পড়েছে। এর আগে এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ করা হতো।
সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলে একাধিক তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার প্রধান তেল শোধনাগারগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কেপলারের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসে রাশিয়ার জ্বালানি তেল রপ্তানি রেকর্ড কমে ৫ লাখ ৯১ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে।
বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশগুলো থেকে সরবরাহ কমে যাওয়ায় তেল কোম্পানিগুলো ডিজেল ও জেট ফুয়েলের মতো বেশি লাভজনক পণ্য উৎপাদনে বেশি জোর দিচ্ছে। বাজার পর্যবেক্ষক সুনীল রেড্ডি জানিয়েছেন, ডিজেলের অতিরিক্ত মুনাফার কারণে শোধনাগারগুলো ভারী অবশিষ্টাংশ জাহাজের জ্বালানির বদলে ডিজেলের মতো উচ্চ মূল্যের পণ্যে রূপান্তর করছে।
এর ফলে বাঙ্কার ফুয়েল বা জাহাজের জ্বালানির বাজারে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে এবং এর দামও হু হু করে বেড়ে গেছে। কেপলারের তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম বাঙ্কার হাব সিঙ্গাপুরে গত ১ সেপ্টেম্বর পর্যন্ত ভিএলএসএফও জ্বালানির দাম ইরান যুদ্ধ শুরুর পর থেকে ৭৬ শতাংশ বেড়ে প্রতি মেট্রিক টন প্রায় ৮২৫ ডলারে পৌঁছেছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জ্বালানির এই ঘাটতি বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে এবং বিশ্বব্যাপী পণ্য পরিবহনের খরচ বাড়িয়ে দেবে। মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল রপ্তানি গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বার্ষিক ভিত্তিতে ৪৫ শতাংশ কমে গড়ে ৪ লাখ ৪৭ হাজার ব্যারেল হয়েছে বলে এনার্জি ট্রেড অ্যানালিটিক্স ফার্ম কেপলার জানিয়েছে।