উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী ইবতিশাম রাফিফ ইসলাম আরিশার আত্মহত্যার ঘটনায় শিক্ষক বুলিং, হয়رানি এবং কোচিং বাণিজ্যের অভিযোগ তুলেছেন অভিভাবকেরা। গত সোমবার বেইলি রোডের মূল ক্যাম্পাসে গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন এম এ এম ইফতেখার মোমিন, আনোয়ার হোসেন হাওলাদার, মো. গোলাম কিবরিয়া ও আল আসমাউল হুসনাসহ কয়েকজন অভিভাবক। সাক্ষাৎ শেষে বেলা তিনটার দিকে ক্যাম্পাসের বাইরে সাংবাদিকদের কাছে নিজেদের বিভিন্ন অভিযোগ ও দাবির কথা জানান তাঁরা।
অভিভাবক ইফতেখার মোমিন বলেন, গত ১২ আগস্ট বসুন্ধরা শাখার ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাঁরা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন এবং আরিশার মৃত্যুর পেছনে প্রতিষ্ঠানের পরিবেশ বা কোনো শিক্ষকের ভূমিকা আছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, একটি শিশু মারা যাওয়ার পরও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো শোকবার্তা দেওয়া হয়নি বা এক মিনিট নীরবতাও পালন করা হয়নি। এছাড়া কোচিংয়ে না পড়া শিক্ষার্থীদের সঙ্গে কিছু শিক্ষকের ভিন্ন আচরণের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার ঘোষিত কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগের সঙ্গে তাঁরা একমত এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে জোরালো সুপারিশ করবেন।
প্রধান শিক্ষক বা অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতের বিষয়ে অভিভাবকেরা জানান, দীর্ঘ দেড় ঘণ্টা অপেক্ষা করার পর তাঁরা অধ্যক্ষের দেখা পান এবং অধ্যক্ষ বিষয়গুলো দেখে সঠিক বিচার করার আশ্বাস দিয়েছেন বলে জানান ইফতেখার মোমিন। এদিকে ধানমন্ডি শাখার তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ৪৭ দিন ধরে ক্লাসে যেতে না পারার ঘটনায় কোচিং বাণিজ্যের বিষয়টি এসেছে বলে দাবি করে মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপের কথাও তুলে ধরেন অভিভাবকেরা। এছাড়া হেড গার্ল নির্বাচন নিয়েও শিক্ষার্থীদের মধ্যে প্রভাব বিস্তার ও তদবিরের সুযোগ তৈরির অভিযোগ করেন তাঁরা।
তবে অভিভাবকদের এসব অভিযোগ এবং শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম। তিনি গণমাধ্যমকে জানান, বসুন্ধরায় যে মেয়েটি আত্মহত্যা করেছিল, সে বিষয়ে পত্রিকায় খবর হয়েছিল এবং মেয়েটির পরিবারের কোনো অভিযোগ ছিল না। আত্মহত্যার ঘটনায় তাঁরা তদন্ত করেছেন উল্লেখ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, অভিভাবকদের সঙ্গে তাঁর এ ধরনের কোনো ইস্যু নিয়ে কথা হয়নি, তাঁরা স্বাভাবিকভাবে অভিভাবক হিসেবেই এসেছিলেন।