উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
১১ দলীয় ঐক্যের লংমার্চ সাধারণ মানুষ গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, লংমার্চে জনগণের কোনো সাড়া নেই এবং এতে কেবল কিছু চিহ্নিত ব্যক্তি অংশগ্রহণ করেছেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যার আগে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত এক আনন্দ র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আমিরকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন সংগ্রাম করে রাজপথ থেকে উঠে আসা দল, তাই হুংকার দিয়ে কোনো লাভ নেই।
তিনি আরও বলেন, গত ১৭ বছর লড়াই করে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে এবং সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পার না হতেই আন্দোলন শুরু করা ঠিক হয়নি। এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবউদ্দিন সাবুর সভাপতিত্বে র্যালিপূর্ব সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।