উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং চালকদের কর্মসংস্থান অক্ষুণ্ন রাখতে নতুন নীতিমালা ও বিধিমালা কার্যকর করতে যাচ্ছে সরকার। সোমবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু ৭১ বিধিতে এই নোটিশ উত্থাপন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক চূড়ান্ত হওয়া নীতিমালায় কিউআর কোড এবং ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালুর রূপরেখা রয়েছে।
সংসদে উত্থাপিত নোটিশে রেহানা আক্তার রানু জানান, এআই ট্রাফিক ক্যামেরা চালুর ফলে সড়কে অনিয়ম কমলেও নম্বর প্লেট না থাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী এর জবাবে জানান, একটি নম্বরের অধীনে অবৈধভাবে একাধিক রিকশা চালানোর সুযোগ বন্ধ করতেই এই ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়া আনা হচ্ছে। একইসঙ্গে লেড-এসিড ব্যাটারি তুলে দিয়ে ডিজিটাল পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারে কঠোর শর্ত দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত এক দশকে তিন চাকার বৈদ্যুতিক যান পরিবহন ব্যবস্থার প্রধান অংশ হয়ে দাঁড়ালেও এর অনিয়ন্ত্রিত বিস্তার বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। সারাদেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার রয়েছে যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করে। অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে প্রতি বছর সরকারের প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, ২০২৫ সালে দেশে মোট ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১ জন নিহত হন এবং এর ১৩ দশমিক ৫৪ শতাংশেই যুক্ত ছিল অটোরিকশা। প্রধান সড়কগুলোতে অটোরিকশা নিষিদ্ধ করে নিয়মিত অভিযান ও ডাম্পিং পরিচালনা করা হচ্ছে। এছাড়া তেজগাঁও ও রমনা বিভাগে আরও ২০০টি এআই ক্যামেরা বসানোর কাজ চলছে বলে তিনি জানান।
সম্পূরক প্রশ্নের জবাবে সংসদ সদস্য রেহানা আক্তার রানু বাহন জব্দ বা পুলিশের হয়রানি বন্ধ করে এগুলোকে ভেতরের গলির রাস্তায় চালানো এবং সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জিং অবকাঠামো গড়ার প্রস্তাব দেন। পরিশেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জাতীয় স্বার্থ, সড়ক নিরাপত্তা, জনস্বাস্থ্য ও অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে অতি দ্রুত এই নীতিমালার পূর্ণ প্রয়োগ ঘটাবে।