উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় এবার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় নিয়ে আসছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলার প্রায় দুই হাজার মসজিদ ও এর আশপাশের প্রাঙ্গণে একযোগে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় এই ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও ইউনিসেফের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার পরিচালক সরকার সারোয়ার আলম এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। কর্মশালায় জেলা প্রশাসক জানান, ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ এবং এর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গত ২৫ জুলাই থেকে প্রতি শনিবার জেলার বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি কার্যালয়, ছাদ, পুকুর ও জলাশয়ের মতো ডেঙ্গুর প্রজনন ঝুঁকি থাকা স্থানগুলো পরিষ্কার করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার জেলার প্রায় দুই হাজার মসজিদ প্রাঙ্গণে এই অভিযান চালানো হবে। জেলা প্রশাসক আরও বলেন, এই উদ্যোগ কেবল ডেঙ্গু প্রতিরোধের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার সামাজিক আন্দোলন। পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক কর্তব্য। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ উল্লেখ করে তিনি মসজিদ ও এর আশপাশের পরিবেশ নির্মল রাখার আহ্বান জানান। সমাজে শিক্ষক ও ইমামদের বিশেষ শ্রদ্ধার স্থান রয়েছে এবং তাঁদের কথা মানুষের মনে গভীর প্রভাব ফেলে বলে মন্তব্য করেন তিনি। ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তা, ইউনিসেফের প্রতিনিধি এবং বিভিন্ন জেলা থেকে আসা আলেম-ওলামা ও ধর্মীয় নেতারা কর্মশালায় অংশ নেন।