উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মার্কিন সামরিক জাহাজের বিরুদ্ধে প্রথমবারের মতো দেশে তৈরি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়ে বলেন যে, প্রায় ৪৮ ঘণ্টা আগে একটি মার্কিন জাহাজের বিরুদ্ধে ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে।
মোহসেন রেজায়ীর দাবি অনুযায়ী, পরীক্ষামূলকভাবে ব্যবহৃত ওই ক্ষেপণাস্ত্রটি মার্কিন জাহাজের জন্য চরম বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল এবং পরবর্তীতে জাহাজটি ঘটনাস্থল থেকে সরে যেতে বাধ্য হয়। তবে ইরানের এই চাঞ্চল্যকর দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সরাসরি মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।
এর আগে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক সতর্কবার্তায় সেন্টকম জানিয়েছিল, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি মার্কিন জাহাজে হামলা চালালে বড় ধরনের অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। এমনকি মার্কিন বাহিনী নিজেদের রক্ষার্থে প্রয়োজনে তিনটি ইরানি জাহাজ এবং তাদের তেলবাহী বহর ধ্বংস করতে দ্বিধাবোধ করবে না বলে হুশিয়ারি দেওয়া হয়েছিল।
এদিকে ইরানের বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার রেজায়ী ওই অঞ্চলের সামুদ্রিক বাণিজ্য ও জাহাজ চলাচল নিয়েও কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ইরানের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই চলাচলকারী জাহাজগুলোকে তেহরানের নিষেধাজ্ঞা তালিকার অন্তর্ভুক্ত করা হতে পারে।
নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হলে এসব জলযানকে ভবিষ্যতে নানা ধরনের জটিলতা ও বীমা-সংক্রান্ত বড় সমস্যার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই ইরানি কর্মকর্তা। মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যেই দুই পক্ষের এমন পাল্টাপাল্টি হুশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।