উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলি বসতিস্থাপনকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সোমবার ইসরায়েলি আর্মি রেডিওর খবরে জানানো হয়, ১৯ বছর বয়সী ওই বসতিস্থাপনকারীকে হামলাকারী ফিলিস্তিনি সন্দেহভাজনকে ঘটনার পরপরই হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুস গভর্নরেটের উসারিন গ্রামের কাছে একটি অবৈধ বসতিতে এই হামলার ঘটনা ঘটে এবং ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে করে পালিয়ে যায়।
ইসরায়েলি সেনাসদস্যরা তল্লাশি অভিযান চালিয়ে সন্দেহভাজন ফিলিস্তিনিকে হত্যা করে এবং জানানো হয় যে সে সেনাসদস্যদেরও ছুরিকাঘাতের চেষ্টা করেছিল। আল জাজিরার সংবাদদাতা লাইথ জার জানিয়েছেন, এই ঘটনার পর বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রাম লকডাউনের আওতায় আনা হয়। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, গুরুতর আহত ওই বসতিস্থাপনকারীকে একাধিক ছুরিকাঘাতের পর হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার প্রতিক্রিয়ায় প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা বা সংশ্লিষ্ট অঙ্গসংগঠনগুলো যদি বাহিনী ও ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে ৭ অক্টোবরের কায়দায় কোনো সন্ত্রাসী হামলা শুরু করে কিংবা আমরা যদি নিশ্চিতভাবে জানি যে তারা তা করতে যাচ্ছে, তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছি।
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর চালানো সহিংসতার একটি তরঙ্গের পরেই এই ছুরিকাঘাতের ঘটনা ঘটল। এর আগে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছিলেন যে অধিকৃত পশ্চিম তীরে বসতিস্থাপনকারীদের সহিংসতা বড় ধরনের অস্থিরতার জন্ম দিতে পারে।