উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনার জন্য রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যকার চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ সোমবার হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চের বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলাম এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। আদালত চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রিট আবেদনে বলা হয়, রাজউক ওই সমঝোতা চুক্তির মাধ্যমে গুলশান ইয়ুথ ক্লাবকে পার্ক ও মাঠ ব্যবহারের জন্য নাগরিকদের কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ করে দিয়েছে। এটি মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ-সংক্রান্ত আইনের পরিপন্থী বলে আবেদনে উল্লেখ করা হয়। এছাড়া গুলশান ইয়ুথ ক্লাব আইন ও আপিল বিভাগের নির্দেশনা লঙ্ঘন করে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে বলেও জানানো হয়।
শুনানি শেষে আদালত চুক্তি অনুযায়ী অর্থ আদায় এবং বেআইনি স্থাপনা নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। একই সঙ্গে মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে নির্মিত অবৈধ স্থাপনা চিহ্নিত করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। রিট আবেদনে গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়েছে।
নগর-পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, পরিবেশবিদ ফিরোজ আহমেদ, আমিরুল রাজিব ও সৈয়দা শাহীন মাহবুবের পক্ষে আইনজীবীরা রিটটির শুনানি পরিচালনা করেন। এ বিষয়ে নগর-পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, আমাদের চাওয়া জনগণের মাঠ জনগণকে ফিরিয়ে দিতে হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করে শাস্তির আওতায় আনতে হবে।