উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা দিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া ব্রিটিশ শিক্ষার্থী ফিন জোগিনকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে। গত ২৯ আগস্ট মাসাফের ইয়াত্তার উম্ম আল-খাইর গ্রামে ফিলিস্তিনি শিশুদের ফুটবল খেলার সময় সশস্ত্র ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হাতে তিনি অপহৃত হন। ২২ বছর বয়সি এই তরুণ ফিলিস্তিনি জনপদগুলোকে রক্ষায় কাজ করা আন্দোলন ‘প্রোঅ্যাক্টিভ প্রেজেন্স’-এর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী হিসেবে উম্ম আল-খাইরে কাজ করছিলেন।
গ্রাউন্ডে খেলতে থাকা ফিলিস্তিনি শিশুদের ওপর কিশোর ও বসতিস্থাপনকারীরা চড়াও হলে স্থানীয় ও বিদেশি কর্মীরা তাদের রক্ষায় এগিয়ে আসেন। জোগিন একটি বেড়া রক্ষায় বাধা দিতে গেলে তাকে লাথি ও ধাক্কা দেওয়া হয় এবং প্রাপ্তবয়স্ক বসতিস্থাপনকারীরা তাকে গলা টিপে ও হাত মুচড়ে ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাকে বন্দুকের মুখে অবৈধ কারমেল সেটলার আউটপোস্টে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রায় ৩০ মিনিট বন্দি রাখার পর ইসরায়েলি সেনা ও পুলিশ সেখানে পৌঁছায়।
পুলিশের কাছে অপহরণের কথা জানানোর পরও তাকে অপমান করা হয় এবং কিরিয়াত আরবা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে হামলার সন্দেহে তদন্ত শুরু হয়। এরপর জেরুজালেমের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার পর আইনজীবী ও পাবলিক প্রসিকিউটরের সম্মতিতে তাকে আইনি প্রক্রিয়া বাদ দিয়ে যুক্তরাজ্যে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ৩১ আগস্ট তাকে যুক্তরাজ্যে deport করা হয় এবং আগামী ১০ বছরের জন্য ইসরায়েল বা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে পশ্চিম তীরে বসতিস্থাপনকারী ও ইসরায়েলি সেনারা ১১ হাজার ৭৪টি হামলা চালিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, উম্ম আল-খাইরে আটক এক ব্রিটিশ নাগরিককে তারা কনস্যুলার সহায়তা দিয়েছেন এবং তার পরিবার ও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। আল জাজিরা এ বিষয়ে মন্তব্যের জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।