উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি কোনো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে একজন নাগরিকের প্রথম প্রত্যাশা থাকে—সরকার কী করছে, কত টাকা বরাদ্দ দিচ্ছে, কোথায় কত ব্যয় হচ্ছে, কোন প্রকল্প কতদূর এগিয়েছে এবং জনগণের জন্য কী কী কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে—এসব তথ্য সহজেই পাওয়া যাবে। কিন্তু বাস্তব চিত্র অনেক ক্ষেত্রেই ভিন্ন। সরকারি তথ্যের অন্যতম প্রধান ডিজিটাল মাধ্যম মন্ত্রণালয় ও বিভাগের ওয়েবসাইটগুলোতে প্রয়োজনীয় ও হালনাগাদ তথ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে বার্ষিক প্রতিবেদন, বাজেট বাস্তবায়ন, প্রকল্পের অগ্রগতি, সরকারি মজুত ও বিভিন্ন কর্মসূচির তথ্য নিয়মিত প্রকাশ না হওয়ায় নাগরিকের তথ্য পাওয়ার অধিকার কার্যত বাধাগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে থাকা ৩৭টি মন্ত্রণালয় ও ৯টি বিভাগের ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠান নিয়মিত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করছে না। অন্তত ২০টি মন্ত্রণালয় ও বিভাগের ওয়েবসাইটে সর্বশেষ ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন পাওয়া গেছে। এরপর আর কোনো বছরের প্রতিবেদন প্রকাশ করা হয়নি। কোথাও প্রতিবেদন তালিকাভুক্ত থাকলেও সেটি খোলা যাচ্ছে না। আবার কিছু সরকারি ওয়েবসাইটে বার্ষিক প্রতিবেদন প্রকাশের কোনো নজিরই পাওয়া যায়নি। আরও উদ্বেগের বিষয়, কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আলাদা কোনো বিভাগও নেই। ফলে প্রশ্ন উঠছে—সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রকাশের আইনগত বাধ্যবাধকতা বাস্তবে কতটা কার্যকর?
তথ্য অধিকার আইনের ৬ ধারায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ধরনের তথ্য স্বপ্রণোদিতভাবে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো, কার্যক্রম, দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তসহ বিভিন্ন তথ্য প্রকাশের বিষয় রয়েছে। তথ্য কমিশনের ২০১৪ সালের স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকাতেও মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে ওয়েবসাইটে বার্ষিক প্রতিবেদন প্রকাশের কথা বলা হয়েছে। অর্থাৎ বিষয়টি কেবল ‘ওয়েবসাইট আপডেট করা হয়নি’—এমন কারিগরি ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে নাগরিকের তথ্য পাওয়ার অধিকার এবং সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহির প্রশ্নও জড়িত।
একটি সরকারি প্রকল্পে কত টাকা বরাদ্দ হলো, কত টাকা খরচ হলো, প্রকল্পের কাজ কতদূর এগোল—এসব তথ্য প্রকাশ না হলে সাধারণ মানুষ কীভাবে সরকারের কর্মকাণ্ড যাচাই করবেন? সাংবাদিকদের ক্ষেত্রেও সমস্যা আরও বড়। হালনাগাদ সরকারি তথ্য না থাকলে সাংবাদিকদের অনেক সময় অনানুষ্ঠানিক সূত্র, নথি সংগ্রহ কিংবা তথ্য অধিকার আইনে আবেদন করে তথ্য নিতে হয়। এতে সময় বাড়ে এবং অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ বিলম্বিত হয়। সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানের ক্ষেত্রে। সরকারি ব্যয়ের তথ্য যদি সহজে পাওয়া না যায়, তাহলে কোনো প্রকল্পে অস্বাভাবিক ব্যয় হয়েছে কি না, বরাদ্দের সঙ্গে বাস্তব কাজের মিল আছে কি না কিংবা সরকারি অর্থের অপচয় হয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাও কঠিন হয়ে পড়ে।
মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের বক্তব্যে তথ্য প্রকাশ না করার পেছনে একাধিক কারণ উঠে এসেছে। কেউ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বার্ষিক প্রতিবেদন তৈরির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যায়নি। কেউ ওয়েবসাইটের কারিগরি সমস্যার কথা বলেছেন। আবার কেউ তথ্য কমিশনে সদস্য নিয়োগে বিলম্ব এবং তথ্য অধিকার আইন সংশোধনের বিষয়টি ঝুলে থাকার কথা উল্লেখ করেছেন। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদুল ইসলাম জানিয়েছেন, প্রতি অর্থবছরে তথ্য অধিকার আইনের আওতায় প্রতিবেদন তৈরির বিষয়ে চিঠি দেওয়া হলেও এবার তা দেওয়া হয়নি।
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সচেতনতার ঘাটতি, বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব না দেওয়া এবং দায়িত্ব কার—এ নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন।
এখানেই মূল প্রশ্ন। একটি সরকারি ওয়েবসাইটে তথ্য আপলোড না করা যদি কেবল কারিগরি সমস্যা হয়, তাহলে সেটি দ্রুত সমাধান করা সম্ভব। কিন্তু বছরের পর বছর যদি বার্ষিক প্রতিবেদন প্রকাশ না হয়, তাহলে বিষয়টি কি কেবল প্রযুক্তিগত ব্যর্থতা? নাকি সরকারি তথ্য প্রকাশের সংস্কৃতিতেই সমস্যা রয়েছে? বিশেষজ্ঞদের মতে, বার্ষিক প্রতিবেদন না থাকলে সরকারের কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নাগরিকদের নির্ভরযোগ্য ধারণা পাওয়া কঠিন হয়ে পড়ে।
সরকারি ওয়েবসাইটে তথ্য ঘাটতির অভিযোগ নতুন নয়। ২০২১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ—টিআইবি—সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট পর্যালোচনা করে সরকারি ওয়েবসাইটে তথ্য প্রকাশের ঘাটতির চিত্র তুলে ধরেছিল। অর্থাৎ কয়েক বছর ধরে একই সমস্যা চিহ্নিত হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন কতটা এসেছে, তা নিয়েই এখন প্রশ্ন।
সরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রকাশের উদ্দেশ্য শুধু ওয়েবসাইটকে তথ্যসমৃদ্ধ করা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে জনগণের অর্থের হিসাব, রাষ্ট্রীয় সিদ্ধান্তের স্বচ্ছতা এবং প্রশাসনিক জবাবদিহি। একটি প্রকল্পের ব্যয়, একটি মন্ত্রণালয়ের বার্ষিক কার্যক্রম কিংবা একটি সরকারি কর্মসূচির ফলাফল যদি জনগণের কাছেই সহজে দৃশ্যমান না হয়, তাহলে সেই কর্মকাণ্ডের ওপর জনসাধারণের নজরদারি কীভাবে নিশ্চিত হবে?
প্রশ্নটি তাই আরও গভীর— তথ্য গোপন থাকলে জবাবদিহি দুর্বল হয় কার? তথ্য না থাকলে অনিয়ম অনুসন্ধানে বাধা পায় কারা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ— জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে কি আরও কঠোরভাবে জবাবদিহির আওতায় আনা হবে?সরকারি ওয়েবসাইটকে শুধু নোটিশ ও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের প্ল্যাটফর্ম না বানিয়ে জবাবদিহির উন্মুক্ত ড্যাশবোর্ডে পরিণত করা এখন সময়ের দাবি। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের ওয়েবসাইটে নিয়মিতভাবে বার্ষিক প্রতিবেদন, বাজেট, ব্যয়ের হিসাব, প্রকল্পের অগ্রগতি, ক্রয়সংক্রান্ত তথ্য, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নাগরিকসেবার হালনাগাদ তথ্য প্রকাশ নিশ্চিত করা প্রয়োজন। কারণ রাষ্ট্রীয় তথ্য কোনো ব্যক্তিগত সম্পদ নয়। জনগণের টাকায় পরিচালিত রাষ্ট্রের কাজের তথ্য জনগণের কাছেই উন্মুক্ত থাকা উচিত।