উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ বা এল.এ. শাখায় দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের ইতিপূর্বে অধিগ্রহণকৃত জমির তথ্য গোপন করে ভুয়া ব্যক্তিকে প্রায় ২০ কোটি টাকা দেয়ার অভিযোগ রয়েছে। ভূমি অধিগ্রহণ মামলা নং-১৮/২৩-২৪ এ মৌজা-আব্দুল্লাহপুর এবং সিটি দাগ নং-২৬২৪ এ এই ঘটনা ঘটে। এছাড়া মৌজা-নড়াইবাগের একটি মামলায় মূল অ্যাওয়ার্ডি বাদ দিয়ে ভুয়া মালিক সাজিয়ে ১৪ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৭৭ টাকা প্রদান করা হয়েছে।
সার্ভেয়ার কেশব লাল দেব এবং আব্দুল বারিক পরস্পর যোগসাজশে খাস জমি ও পাট মন্ত্রণালয়ের মালিকানাধীন জমির ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করেছেন। মৌজা-রানাভোলার খাস জমি সাদেকা খানকে ৩ কোটি ২৫ লাখ ৯৪ হাজার ৯১০ টাকা প্রদানের ব্যবস্থা করা হয়। অন্যদিকে মৌজা-ঘোপ দক্ষিণের পাট মন্ত্রণালয়ের জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ৭৭ কোটি টাকা এবং কামারঘোপ মৌজার মামলায় ৮ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৭০৯ টাকা পরিশোধ করা হয়।
কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের দুর্নীতি মামলায় তৎকালীন কক্সবাজারের এডিসি (এল.এ.) মো. শামীম হুসাইন এবং সার্ভেয়ার কেশব লাল দেব অভিযুক্ত। দুদক সূত্রে জানা যায়, মাতারবাড়ি ভূমি অধিগ্রহণ সংক্রান্ত মামলায় শামীম হুসাইন ২১ নম্বর এবং অপর একটি মামলায় ১৬৩ নম্বর আসামি ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে তারা সরকারি অর্থ আত্মসাৎ এবং অনৈতিক সুবিধা নেন বলে তদন্তে উঠে এসেছে।
বর্তমানে ঢাকা ডিসি অফিসের এল.এ. শাখায় এডিসি শামীম হুসাইনের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটে সার্ভেয়ার কেশব লাল দেব, আব্দুল বারিক ও ইকবাল হোসেন যুক্ত রয়েছেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধিগ্রহণকৃত জমির ফাইল আটকে রেখে ঘুষ আদায়ের পাশাপাশি সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।