উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিজভী (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত রিজভী ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা লিটনের ছেলে। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, ডেঙ্গুর জটিলতার পাশাপাশি হৃদযন্ত্রের পেশিতে প্রদাহের কারণে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
৮ সেপ্টেম্বর প্রকাশিত হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৫৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০১ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৬৮ জন পুরুষ, ২০ জন নারী এবং ১৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের মে মাস থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক এবং প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন। তিনি আরও জানান, ডেঙ্গুতে জটিলতা দেখা দিলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে, তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।