উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজস্ব ঘাটতি মোকাবিলা ও ভর্তুকি ব্যবস্থা টিকিয়ে রাখতে ইরানে মোটরচালকদের জন্য পেট্রোলের দাম আবারও বাড়ানো হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম ৬০ লিটার বা ১৬ গ্যালনের দাম অপরিবর্তিত থাকবে।
পরবর্তী ৫০ লিটার বা ১৩ গ্যালন পেট্রোল ৩০ হাজার রিয়ালে বিক্রি করা হবে এবং এর বেশি ব্যবহারকারীদের জন্য প্রতি লিটার ৫০ হাজার রিয়ার থেকে বেড়ে ১ লাখ রিয়ালে পৌঁছাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ, কঠোর নিষেধাজ্ঞা এবং বন্দরের ওপর অবরোধের কারণে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইরানি সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ চলতি মাসের শুরুতে এক টেলিভিশন ভাষণে বলেন, আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি, তবে দেশ উৎপাদিত পেট্রোল দিয়েই সামলানো সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, অতিরিক্ত জ্বালানি খরচের দায় কেবল জনগণের নয়, বরং দেশের শিল্পেরও রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালে জ্বালানির মূল্যবৃদ্ধির ক্ষোভ থেকেই দেশটিতে বিশাল সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তেহরানের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। গত ডিসেম্বরের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটিতে পেট্রোলের দাম বাড়ানো হলো।