উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্যাস ও বিদ্যুৎ-সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট—সরকার ও জনগণের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী উল্লেখ করেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ-সংকট শুধু দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে তৈরি হয়নি, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটিও সংকটকে আরও জটিল করেছে বলে জানান তিনি।
রিজভী জানান, এলএনজি আমদানিনির্ভর দেশের জন্য এমন পরিস্থিতিতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ ও শিল্পকারখানা সচল রাখা কঠিন হলেও সংকট মোকাবিলায় সরকার অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নিয়েছে। দ্রুত গ্যাস সংগ্রহের জন্য মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে এবং মহেশখালীর টার্মিনালের ত্রুটি মেরামতের কাজও চলমান রয়েছে। বিরোধী দলের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু সমস্যা তুলে না ধরে সংকট সমাধানের পথও দেখানো উচিত। একই সঙ্গে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি বা কর্মসূচির নামে দীর্ঘ সময় রাস্তা দখল করে রাখার হুমকি গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
বিগত ১৭ বছরের নানা অনিয়মের কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আগের সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জ নেওয়া অনেক কেন্দ্র স্থাপন করা হয়েছিল, যার মালিকানায় তৎকালীন ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জড়িত ছিলেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুলিশ, বিচারব্যবস্থা, গণমাধ্যম, শিক্ষা ও চিকিৎসাসহ সব প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল উল্লেখ করে তিনি বলেন, এ জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও শক্তিশালী করা জরুরি। জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।