উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার কারিগরি ত্রুটির কারণে বৃটেনজুড়ে বিমান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটেছে। লন্ডনের হিথ্রো ও গ্যাটউইকসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, এই পর্যন্ত প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সংখ্যাটি আরও বাড়তে পারে।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দুপুরের পর থেকেই লন্ডনের বিমানবন্দরগুলোতে এর তীব্র প্রভাব পড়ে। দুপুর ২টার পর হিথ্রো, গ্যাটউইক, স্ট্যানস্টেড ও লন্ডন সিটি বিমানবন্দর থেকে অধিকাংশ নির্ধারিত ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। বিশ্লেষণধর্মী সংস্থা সিরিয়ামের তথ্য বলছে, স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত কেবল হিথ্রো ও গ্যাটউইক থেকেই আসা-যাওয়া করা প্রায় ৯০টি ফ্লাইট বাতিল হয়েছে।
লন্ডন ছাড়াও ম্যানচেস্টার, এডিনবরো, বার্মিংহাম ও বেলফাস্ট বিমানবন্দর কর্তৃপক্ষও ফ্লাইট চলাচলে সমস্যার কথা জানিয়েছে। রায়ানএয়ার জানিয়েছে, তাদের ৬৫ হাজারের বেশি যাত্রী এই বিলম্বের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এবং তারা ৫০টি ফ্লাইট বাতিল করেছে। ইজিজেট জানিয়েছে, বৃটেনের এই সংকটের প্রভাব ইতোমধ্যে ইউরোপের অন্যান্য দেশের ফ্লাইটেও পড়তে শুরু করেছে।
ইউরোপীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ইউরোকন্ট্রোল জানিয়েছে, বৃটেনগামী কিছু ফ্লাইট বিদেশের বিমানবন্দরগুলোতে আটকে রাখা হয়েছে। বৃটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা প্রদানকারী ন্যাটস দুপুর ১টা ৪৬ মিনিটে কারিগরি সমস্যা শনাক্তের কথা জানায়। ফ্লাইট প্রসেসিং সিস্টেমের ত্রুটি দূর করতে প্রকৌশলীরা কাজ করছেন বলে জানানো হয়েছে।
ন্যাটস এক বিবৃতিতে জানায়, আকাশসীমা খোলা রয়েছে এবং ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ হয়নি, তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। যাত্রীদের ভোগান্তির জন্য ন্যাটস ও হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। সর্বশেষ তথ্যের জন্য যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
সন্ধ্যা পর্যন্ত এই ফ্লাইট বিঘ্নিত হওয়ার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।