উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে নারী ফুটবলে ‘আপত্তিকর ও ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ এনে আইনি পদক্ষেপ আরও জোরালো করা হয়েছে। প্রিমিয়ার লিগ ও স্কটিশ প্রফেশনাল ফুটবল লিগসহ বিভিন্ন সদস্য নিয়ে গঠিত ‘ইউরোপিয়ান লিগস’ নামের সংস্থাটি ইউরোপীয় কমিশনে এই অভিযোগ দাখিল করেছে। গত ২০২৪ সালের অক্টোবর মাসে পুরুষ খেলোয়াড়দের পক্ষে প্রথম এই অভিযোগ দায়ের করা হয়েছিল, যা এবার নারী ফুটবলের ক্ষেত্রেও সম্প্রসারণ করা হলো।
ইউরোপিয়ান লিগস গত জুনে ইংল্যান্ডের উইমেন্স সুপার লিগ ও স্কটিশ উইমেন্স প্রিমিয়ার লিগসহ ১৪টি ইউরোপীয় নারী লিগকে তাদের অন্তর্ভুক্ত করে। মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার ও নারী ফুটবল সংক্রান্ত বিভিন্ন নীতিমালায় ফিফার একচেটিয়া আচরণ নারী ফুটবলের আর্থিক প্রবৃদ্ধি এবং খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। ফিফার এই ধরনের নীতিগত সিদ্ধান্তগুলো একপাক্ষিকভাবে নির্ধারিত হচ্ছে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।
সংস্থাটির দাবি, ফিফা একই সঙ্গে একটি নিয়ন্ত্রক সংস্থা এবং প্রতিযোগিতা আয়োজক হিসেবে দ্বৈত ভূমিকা পালন করায় বড় ধরনের স্বার্থের সংঘাত তৈরি হচ্ছে। পুরুষ ফুটবলের মতো নারী ফুটবলেও ফিফা তাদের নিয়ন্ত্রক ক্ষমতা ব্যবহার করে নিজস্ব বাণিজ্যিক স্বার্থ ও টুর্নামেন্টকে প্রাধান্য দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে চলা এবং ফিফার একতরফা সিদ্ধান্ত থেকে নারী পেশাদার ফুটবলের ভবিষ্যৎ রক্ষায় ইউরোপীয় কমিশনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছিল, ২০২৩ সালের কংগ্রেসে ঘোষিত ক্যালেন্ডারটি লিগসহ সকল স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যাপক আলোচনার মাধ্যমেই তৈরি করা হয়েছিল। ক্লাব বিশ্বকাপের মতো নিজেদের প্রতিযোগিতার কাঠামো নির্ধারণের পূর্ণ অধিকার তাদের রয়েছে বলেও ফিফা দাবি করে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে মহাদেশীয় কনফেডারেশনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ার পরই আইনি এই চাপ আরও বৃদ্ধি পায়। পুরুষ ও নারী বিশ্বকাপ পরিচালনার জন্য একটি কোম্পানি গঠনে বেসরকারি বিনিয়োগ খোঁজার সেই বিতর্কিত পরিকল্পনা পরবর্তীতে অবশ্য বাদ দেওয়া হয়েছিল।
ইউরোপিয়ান লিগসের মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়, ওই কোম্পানি নিয়ে সৃষ্ট বিতর্ক ফিফার নিয়ন্ত্রক ও বাণিজ্যিক অপারেটর হিসেবে কাঠামোগত দ্বন্দ্বকে স্পষ্টভাবে উন্মোচন করেছে। ফিফার মুনাফাকেন্দ্রিক মানসিকতা কীভাবে তাদের নিয়ন্ত্রক সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণী প্রক্রিয়াকে প্রভাবিত করছে, এই ঘটনাটি তারই প্রমাণ দেয়। ফিফার এই কার্যপ্রণালী ইউরোপীয় প্রতিযোগিতা আইনের লঙ্ঘন কি না, তা নিয়ে বর্তমানে ইউরোপীয় কমিশনে আইনি লড়াই চলছে।