উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্নীতি দমন কমিশন স্বাভাবিক প্রক্রিয়ায় অনুসন্ধান পরিচালনা করলে তাতে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে দুদককে নিরপেক্ষ মনে হচ্ছে না উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে, তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি এবং মিডিয়া ট্রায়ালের উদ্দেশ্যে এই সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। এ সময় তাঁর বিরুদ্ধে দুদকে দায়ের করা অভিযোগের প্রকৃত তথ্য ও ঘটনাপ্রবাহ একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয় এবং তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান যে, তিনি গত বছরের ১০ ডিসেম্বর পদত্যাগপত্র দিয়েছিলেন এবং ১১ ডিসেম্বর সেটি কার্যকর হয়েছিল। যে নির্দিষ্ট সময়ের ঘটনার কথা বলে অভিযোগ আনা হয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার দুই মাসেরও বেশি সময় আগেই তিনি সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন বলে জানান তিনি।
দুদকের বর্তমান কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, জুলাইয়ের সময়ের সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হলেও পরবর্তী সময়ে অধ্যাদেশ বাতিল করে দলীয় কায়দায় দুদক গঠন করা হয়েছে। বর্তমানে সেই দুদক রাজনৈতিক কায়দায় পরিচালিত হচ্ছে এবং তাঁকে ও তাঁর পরিবারকে হয়রানি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অনুসন্ধান শুরু করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নেতা তাহসিন রিয়াজ ও ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।