উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। গ্যাস পাইপলাইনের জরুরি এই কাজের ফলে গ্রাহকদের সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে বলে জানানো হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপা পাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এই সময়ে উল্লিখিত এলাকার বিদ্যমান সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
কাজের সময় নির্ধারিত এলাকার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে বিতরণকারী কর্তৃপক্ষ। পাইপলাইন স্থানান্তরের এই কাজের ফলে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।