উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন চালু হলে বাল্যবিবাহ, বহুবিবাহ এবং বিবাহসংক্রান্ত বিভিন্ন জালিয়াতি প্রতিরোধ করা সহজ হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের সঙ্গে আন্তঃসংযোগের মাধ্যমে নাগরিকদের বয়স ও পরিচয় নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আইন ও বিচার বিভাগের বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় অনলাইন বিবাহ নিবন্ধন সফটওয়্যারের উন্নয়নের কাজ প্রায় পঁচানব্বই শতাংশ শেষ হয়েছে। ন্যাশনাল ডাটা সেন্টার থেকে ক্লাউড সার্ভার বরাদ্দ পাওয়ার পাশাপাশি সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ও বায়োমেট্রিক ডিভাইস পরীক্ষামূলকভাবে সংযুক্ত করা হয়েছে। এই পাইলট প্রকল্প বাস্তবায়নে প্রায় এগারো কোটি টাকা ব্যয় হবে এবং চুক্তির মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নির্ধারিত রয়েছে। প্রকল্প পরিচালকের পাশাপাশি ব্র্যাকের প্রতিনিধিবৃন্দ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
প্রাথমিক পর্যায়ে দেশের দশটি জেলার দশটি উপজেলার একশত দুটি ইউনিয়নে এই অনলাইন কার্যক্রম পরিচালনা করা হবে। এই পাইলট উপজেলাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের কালীগঞ্জ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শেরপুরের ঝিনাইগাতী, কুড়িগ্রাম সদর, গাইবান্ধার সুন্দরগঞ্জ, নড়াইল সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, সিলেট সদর, কক্সবাজারের চকরিয়া এবং কিশোরগঞ্জ সদর। রিয়েল-টাইমে বিবাহ ও তালাক সংরক্ষণ এবং দ্রুত ডিজিটাল সনদ প্রদানের ফলে নাগরিকদের সময় ও হয়রানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।