উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দৈনিক মানবজমিনের কসবা উপজেলা প্রতিনিধি মো. সজল আহাম্মদ খান ইন্তেকাল করেছেন। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে আখাউড়ার দেবগ্রামে নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
তার বড় ভাই ইকবাল আহাম্মদ খান জানান, সম্প্রতি তিনি ঢাকা থেকে চিকিৎসা করিয়ে আসেন। আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের জামসেদ আহাম্মদ খানের আট পুত্র ও দুই কন্যা সন্তানের মধ্যে সজল আহাম্মদ ছিলেন ষষ্ঠ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী রোখসানা ইয়াসমিন কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা এবং তিনি সাংবাদিকতার পাশাপাশি সার্ভেয়ার ও দলিল লেখক ছিলেন।
আজ বাদ আছর দেবগ্রাম মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।