উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার আমদানিনীতি ও শুল্ক কাঠামোয় বড় পরিবর্তন এনেছে। সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ নবায়নযোগ্য জ্বালানির জরুরি উপকরণ আমদানিতে সব ধরনের কাস্টমস ও সম্পূরক শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এছাড়া ১ সেপ্টেম্বর ২০২৬ সালের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিটে সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে বুধবার ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানান। তিনি জানান, আকস্মিক সংকট মোকাবিলায় ২০৩০-৩১ সালের মধ্যে ১৫০টি নতুন কূপ খনন এবং গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। সংসদ সদস্য সুলতানা আহমেদ ও মো. তাজউদ্দীন খানের পৃথক দুই প্রশ্নের জবাবে তিনি এই পরিকল্পনা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানে ৪,৫০০ লাইন কিলোমিটার দ্বি-মাত্রিক ও ৪,২০০ বর্গ কিলোমিটার ত্রি-মাত্রিক সাইসমিক সার্ভে চলছে। মহেশখালীর কুতুবজোমে নতুন ভাসমান টার্মিনাল থেকে ২০২৮ সালে এবং মাতারবাড়িতে ল্যান্ড-বেইজড টার্মিনাল থেকে ডিসেম্বর ২০৩০ নাগাদ গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া ভোলার গ্যাস এলএনজি আকারে মেইনল্যান্ডে এনে শিল্পে সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০৩০ সালের মধ্যে মোট উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে অন্তত ৩০ শতাংশ অর্জনের লক্ষ্য স্থির করা হয়েছে। এর অংশ হিসেবে ছাদভিত্তিক সোলার থেকে ৫,৫০০ মেগাওয়াট এবং ভূমিভিত্তিক সোলার থেকে ৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। বাকি ঘাটতি পূরণে বায়ু ও বর্জ্য বিদ্যুৎসহ অন্যান্য আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হবে।