উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ থেকে আরও ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের দক্ষ কর্মীদের জন্য ওমানে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়েছে। এ বিষয়ে ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে ১০ হাজার বাংলাদেশির।
শামা ওবায়েদ জানান, কর্মী নেওয়ার বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ কীভাবে সম্পন্ন করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে ওমানের একটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসবে। এরপর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার বিষয়গুলো চূড়ান্ত করা হবে।
এরই মধ্যে বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ৫ হাজারের একটি অনুমোদিত কোটা চালু হয়েছে বলে জানান তিনি। ওমানের কৃষি অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যদের মাধ্যমে বিভিন্ন এলাকায় এ কোটা বণ্টন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে।
এদিকে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়েও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন কারণে বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। নিয়মিতভাবে যাতে বাংলাদেশিরা ওমানে যেতে পারেন, সে বিষয়ে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ও ওমানের মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ ও কর্মসংস্থান বাড়ানোর বিষয়টি চলতি বছর দুই দেশের আলোচনাতেও গুরুত্ব পেয়েছে। নতুন করে কৃষি ও মৎস্য খাতে কর্মী নেওয়ার উদ্যোগ বাস্তবায়িত হলে দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।