উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুরে কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে রংপুর বিভাগের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, আরও কয়েকদিন বৃষ্টির প্রবণতা থাকতে পারে। ফলে নদ-নদীর পানি পরিস্থিতির ওপরও নজর রাখা হচ্ছে।
ঋতুচক্রে এখন শরৎকাল। তবে প্রকৃতিতে শরতের চিরাচরিত আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। দিনের বেলায় গরম অনুভূত হলেও ভোর ও গভীর রাতে কুয়াশার সঙ্গে হালকা শীতের আমেজ পাওয়া যাচ্ছে। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যও বাড়ছে।
কয়েকদিন আগেও তাপপ্রবাহে রংপুরের জনজীবনে বিরূপ প্রভাব পড়েছিল। তবে সেপ্টেম্বরের শুরু থেকেই আবহাওয়ার ধরনে পরিবর্তন আসতে শুরু করে। শুরু হয় বৃষ্টিপাত। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে প্রকৃতিতেও স্বস্তি ফিরেছে। ভোরের কুয়াশা ও হালকা শীতের অনুভূতি জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টায় রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য দাঁড়িয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে, মঙ্গলবার রাত থেকে বুধবার প্রায় সারাদিন বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬টা পর্যন্ত আগের ১২ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি উজানে বৃষ্টিপাতের প্রভাবে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানিও বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে রংপুর বিভাগের প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল কিছুটা বেড়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছিল ২৮ দশমিক ৭৬ সেন্টিমিটার উচ্চতায়। ওই পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৩১ সেন্টিমিটার। একই সময়ে ডালিয়া পয়েন্টে পানির সমতল ছিল ৫১ দশমিক ৭০ সেন্টিমিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।বুধবার বিকেল ৩টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল দাঁড়ায় ৫১ দশমিক ৮০ সেন্টিমিটার। আগের ২৪ ঘণ্টায় সেখানে পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। একই সময়ে কাউনিয়া পয়েন্টে পানির সমতল ছিল ২৮ দশমিক ৫৬ সেন্টিমিটার।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে নদ-নদীগুলোর পানি কিছুটা বেড়েছে। তবে বর্তমানে প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।