উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেট থেকে ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হবে। বুধবার বিকেলে রাজধানীর পুরান পল্টনে অনুষ্ঠিত সংগঠনের যৌথসভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের আমীর মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা মামুনুল হক বলেন, বাবা-মায়ের সুরক্ষার নামে পাস হওয়া এই বিল মুসলিম সমাজের উত্তরাধিকারব্যবস্থা ও ফরায়েজ এবং বিশেষ করে নারীদের প্রাপ্য অধিকারকে ঝুঁকির মুখে ফেলতে পারে। আমরা এই বিল কোনোভাবেই মেনে নেব না এবং অবিলম্বে এটি বাতিল করতে হবে।
তিনি আরও বলেন, বাবা-মায়ের ভরণপোষণ নিশ্চিত করতে দেশে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন আগে থেকেই রয়েছে, তাই নতুন করে সম্পত্তি হস্তান্তরের সুযোগ বাড়ানোর যৌক্তিকতা নিয়ে সরকারের জবাব দেওয়া উচিত। জীবিত অবস্থায় সম্পত্তি হস্তান্তরের কারণে মৃত্যুর পর ফরায়েজ বণ্টনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এবং মেয়েরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সভায় বক্তারা বলেন, পাস হওয়া এই বিলটি ইসলামি আইন, ফরায়েজ ও সম্পত্তি আইনের বিশেষজ্ঞ আলেম-উলামা এবং আইনজ্ঞদের মাধ্যমে পুনরায় পর্যালোচনা বা সংশোধন করতে হবে। যদি এটি শরিয়াহ ও মুসলিম উত্তরাধিকারব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক হয়, তবে সম্পূর্ণ বিলটি বাতিল করার দাবি জানান তারা।