উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটি সমন্বিত নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই নীতিমালায় পদোন্নতি, বদলি, বেতন-স্কেলসহ চাকরির বিভিন্ন বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকবে। বৃহস্পতিবার ঢাকার পিটিআইয়ে আয়োজিত এক কর্মশালায় এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মানবসম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, শৃঙ্খলা ও জবাবদিহি আরও সুসংহত করতেই সমন্বিত নীতিমালা ও প্রশাসনিক নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকারব্যবস্থায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করা গেলে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার অনেক সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, শুধু বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য নয়; বিদ্যালয়ে গিয়ে প্রতিটি শিশু কী শিখছে, সেটিও নিশ্চিত করতে হবে। একটি শিশুও বিদ্যালয়ে গিয়ে কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হলে প্রাথমিক শিক্ষার সাফল্য পূর্ণাঙ্গ হবে না।
কর্মশালায় বিদ্যালয় পরিচালনায় কার্যকর নেতৃত্ব, প্রশাসনিক জবাবদিহি, দলগত কাজ এবং শিক্ষা কার্যক্রমে কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে মাঠপর্যায়ের ব্যবস্থাপনা ও নেতৃত্বকে আরও দক্ষ, দায়িত্বশীল ও কার্যকর করার বিষয়টিও কর্মশালায় গুরুত্ব পায়। নতুন নীতিমালা বাস্তবায়িত হলে সরকারি প্রাথমিক শিক্ষার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে নীতিগত কাঠামো আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।