উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফুটবল খেলার ইচ্ছা ছিল প্রবল। কিন্তু নিজের একটি বল ছিল না। সামর্থ্য না থাকায় ফেটে যাওয়া ফুটবলের ওপর কাপড় পেঁচিয়ে সেটিকেই বল বানিয়ে খেলতে হতো। কখনো অন্যরা মাঠে বল নিয়ে এলে তাদের খেলা শেষ হওয়ার অপেক্ষায় থাকত তারা। বল পেলে খেলা, না পেলে মাঠের পাশে বসে থাকা—এভাবেই চলছিল বাগেরহাট শহরের সরুই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীর ফুটবল খেলা। শিক্ষার্থীদের এমন দৃশ্য চোখে পড়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিনের। বিষয়টি দেখে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে বলেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সেই ডাকেই জেলা প্রশাসকের কার্যালয়ে যায় শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে ইমরান ব্যাপারী, মো. রায়হান, ইয়াসিন, আরাফাতসহ কয়েকজন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন একটি ফুটবল। নতুন বল হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। কারণ, এতদিন ফুটবল খেলার জন্য তাদের নির্ভর করতে হতো অন্যের ওপর। এখন নিজেদের বলেই তারা মাঠে নামতে পারবে।
সরুই মাদ্রাসার শিক্ষার্থী ইমরান ব্যাপারী জানায়, তাদের ফুটবল খেলার খুব আগ্রহ থাকলেও বল কেনার মতো সামর্থ্য পরিবারের নেই। ইমরান বলেন, ‘আমরা আগে ফাটা বলটাকে কাপড় পেঁচিয়ে খেলতাম। অন্যরা বল খেলতে এলে তাদের কাছে বল নেওয়ার জন্য বসে থাকতাম। তারা দিলে খেলতাম, না দিলে খেলতে পারতাম না।’ এডিসি তাদের খেলতে দেখে কথা বলেছিলেন জানিয়ে ইমরান বলেন, ‘স্যার আমাদের অফিসে আসতে বলেছিলেন। আজ আমরা এসে স্যারের কাছ থেকে বল পেয়েছি। এতে আমরা অনেক খুশি। আমরা স্যারের জন্য দোয়া করি, তিনি যেন ভালো থাকেন।’ শিক্ষার্থী মো. রায়হানও জানায়, মাঠে গিয়ে ফুটবল খেলার ইচ্ছা থাকলেও নিজেদের বল না থাকায় অনেক সময় তাদের শুধু বসে থাকতে হতো। রায়হান বলেন, ‘আমাদের খুব ইচ্ছে করত মাঠে গিয়ে ফুটবল খেলতে। কিন্তু নিজেদের কোনো বল ছিল না। অন্যরা খেলতে এলে তাদের বল নিয়ে খেলতাম। অনেক সময় বল না পেয়ে শুধু বসে থাকতে হতো।’ নতুন বল পেয়ে এখন নিজেদের মধ্যে খেলতে পারবে জানিয়ে সে বলে, ‘স্যার আমাদের একটি বল দিয়েছেন। এখন আমরা নিজেরা মিলে খেলতে পারব। স্যারকে বল দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’
অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ফাটা বলের সঙ্গে কাপড় পেঁচিয়ে খেলতে দেখে তার নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। তিনি বলেন, ‘তাদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও যখন বল কেনার সামর্থ্য ছিল না, তখন সবাই মিলে বাতাবি লেবু দিয়ে বল বানিয়ে খেলতাম।’ শিশুদের সামর্থ্যের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘নিজের বাবা-মায়ের সামর্থ্য না থাকলে শিশুদের কতটা কষ্ট হয়, সেটা আমরা বুঝি।’ মেজবাহ উদ্দিন বলেন, তিনি যখন দেখেন শিক্ষার্থীরা ফাটা ফুটবলের ওপর কাপড় পেঁচিয়ে খেলছে, তখন বিষয়টি তার কাছে খারাপ লাগে। পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, তাদের নিজেদের কোনো ফুটবল নেই। তিনি বলেন, ‘অন্যের বল পেলে মাঝে মধ্যে খেলতে পারে, না হলে ফাটা বল দিয়েই খেলে। এখন অন্তত অন্যের জন্য অপেক্ষা করতে হবে না। তারা নিজেরাই ভাগাভাগি করে খেলতে পারবে।’
শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে এডিসি মেজবাহ উদ্দিন বলেন, সব কোমলমতি শিশু যেন মাদক থেকে দূরে থেকে খেলাধুলার মধ্যে আসে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা সবসময় পাশে থাকার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘শিশুদের যাতে সামর্থ্যের অভাবে এমন কষ্ট পেতে না হয়, সেই ভাবনা থেকেই তাদের ডেকে বলটি দেওয়া হয়েছে।’ একটি ফুটবল হয়তো খুব বড় কোনো উপহার নয়। তবে সরুই মাদ্রাসার এসব শিক্ষার্থীর জন্য নতুন বলটি অন্যের খেলা দেখার বদলে নিজেদের খেলায় নামার সুযোগ তৈরি করেছে। এখন আর কারও বলের অপেক্ষায় বসে থাকতে হবে না—নিজেদের বলেই মাঠে ছুটতে পারবে তারা।