উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। নয়টি বৈঠকে মোট ছয়টি বিল পাসের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ অধিবেশনের সমাপ্তি ঘটে। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন শেষ করেন।
এর আগে গত ২৭ আগস্ট তৃতীয় অধিবেশন শুরু হয়। ৯ কার্যদিবস চলার পর ১০ সেপ্টেম্বর অধিবেশন শেষ হলো। অধিবেশনে ছয়টি বিল উপস্থাপিত হয় এবং সবগুলোই পাস হয়েছে। আইন প্রণয়নের পাশাপাশি অধিবেশন চলাকালে তিনটি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যরা বিভিন্ন বিষয়ে নোটিশও দেন।
৬৮ বিধিতে সাতটি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে দুটি নোটিশ গ্রহণ করে আলোচনা করা হয়। ৭১ বিধিতে ১৫টি নোটিশ গৃহীত হয় এবং ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্যের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়। ১৪৭ বিধিতে দুটি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা হয় এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপন করা হয়।
অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সংসদ সদস্যরা মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেন। এর মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য পাওয়া যায় আরও ২ হাজার ৬৭৬টি প্রশ্নের নোটিশ।