উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক গবেষক প্রযুক্তি খাতের অতিরিক্ত প্রতিযোগিতাকে মানবজাতির জন্য চরম হুমকি হিসেবে উল্লেখ করে পদত্যাগ করেছেন। জেকব কক্সন নামের ওই গবেষক এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন যে, এআই খাতের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিশ্বাস করেন এই প্রযুক্তি দশকের শেষ নাগাদ আমাদের সবার মৃত্যুর কারণ হতে পারে। গত তিন বছর ধরে ওপেনএআই ও অ্যানথ্রপিক প্রতিষ্ঠানে গবেষণা করার পর তিনি এই উপলব্ধি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।
এই ঘটনার ঠিক পরেই অ্যানথ্রপিক তাদের এআই মডেলের মাধ্যমে বাহ্যিক সিস্টেমে অননুমোদিত প্রবেশ বা চতুর্থ হ্যাকিং ঘটনার কথা প্রকাশ্যে জানিয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠানটি জানায় যে, তাদের ক্লড অপাস ৪.৬ সংস্করণের একটি প্রারম্ভিক রূপ গত জানুয়ারি মাসে একটি তৃতীয় পক্ষের সিস্টেমে হ্যাক করেছিল। তবে প্রভাবিত পক্ষগুলোকে বিষয়টি জানানো হলেও তারা এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
এর আগে গত জুলাই মাসে অ্যানথ্রপিকের বেশ কয়েকটি ক্লড মডেল পরীক্ষামূলক সেশনের সময় তিনটি কোম্পানির সিস্টেমে হ্যাকিং চালিয়েছিল বলে প্রতিবেদন প্রকাশ পায়। ওপেনএআই-এর স্বায়ত্তশাসিত এজেন্টদের দ্বারা হিউগিং ফেস-এর সার্ভার হ্যাকিংয়ের ঘটনার পর অ্যানথ্রপিক প্রায় ১ লক্ষ ৪১ হাজার ৬টি টেস্ট সেশন পর্যালোচনা করে। প্রাথমিক মূল্যায়নের পর প্রতিষ্ঠানটি জানায় যে সাম্প্রতিক এই ঘটনাটি তাদের পূর্বের পরীক্ষিত তিনটি ঘটনার চেয়ে বেশি গুরুতর নয় বলে তাদের ধারণা।
তদন্তে মূলত দুটি পুনরাবৃত্ত সমস্যা চিহ্নিত করা হয়েছে যার মধ্যে একটি হলো পক্ষপাতদুষ্ট যুক্তি এবং অন্যটি হলো বেপরোয়া আচরণ বা লক্ষ্য অর্জনে ক্ষতিকর পদক্ষেপ নেওয়ার প্রবৃত্তি। এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য অ্যানথ্রপিক ইতোমধ্যে এমইটিআর নামের একটি স্বাধীন গবেষণা ফার্মকে দায়িত্ব দিয়েছে। গত জুনে অ্যানথ্রপিক বিশ্বের শীর্ষস্থানীয় এআই ডেভেলপারদের প্রতি প্রযুক্তিটির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়েছিল, কারণ মানুষ প্রযুক্তিটির ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।