উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত হিসেবে আখ্যায়িত করেছেন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয়করণের অভিযোগ তোলা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, নতুন এই বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির পথ উন্মুক্ত করবে।
১১তম থেকে ২০তম গ্রেডের পদের জন্য বিপুলসংখ্যক তরুণ-তরুণী কঠোর পরিশ্রম করে অংশ নেন উল্লেখ করে তিনি বলেন, মেধার মূল্যায়নকে অনিশ্চিত ব্যবস্থার মুখে ফেলা ঠিক নয়। জালিয়াতি বন্ধের অজুহাতে ভাইভার নম্বর বাড়ানো গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বায়োমেট্রিক যাচাই ও ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে অনিয়ম রোধের প্রস্তাব দেন।
সবশেষে তিনি ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভার নম্বর বাড়ানোর বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।