উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও এগুলো পুনরায় চালুর বিষয়ে ৩৮তম আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। তিন দিনের বৈঠকে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি দুই দেশের কোনো পক্ষেরই এজেন্ডায় ছিল না।
গত বৃহস্পতিবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশের প্রতিনিধি দলের টিম লিডার ও রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক।
তিনি বলেন, ভারতীয় রেলওয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক রয়েছে। গত বছর ভারতীয় পক্ষ নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেও এবারের বৈঠকে এ বিষয়ে কোনো উদ্বেগ জানানো হয়নি।
আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলাচলের বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় পক্ষ থেকে এখনো প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া যায়নি বলে জানান জিয়াউল হক।
বৈঠকে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি পণ্যবাহী ট্রেন চলাচলের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়েও আলোচনা হয়েছে। যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পর্যায়ে নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে নতুন রুটে চালানোর প্রস্তাব দিয়েছে ভারতীয় পক্ষ। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে হবে বলে জানান বাংলাদেশের প্রতিনিধি দলের এই কর্মকর্তা।
নতুন রুট চালু হলে যাত্রীদের দুই থেকে তিন ঘণ্টা সময় সাশ্রয় হতে পারে বলে বৈঠকে আলোচনা হয়েছে। তবে এর আগে নতুন রুটের কারিগরি সক্ষমতা ও অন্যান্য বিষয় পরীক্ষা করতে হবে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তও প্রয়োজন হবে বলে জানান তিনি।