উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছেন নানাভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ জন সদস্য। গত ৮ সেপ্টেম্বর মোংলা থানার আওতাধীন সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকায় তারা আত্মসমর্পণ করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গতকাল বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযানে এখন পর্যন্ত অস্ত্র ও গুলিসহ ২৯ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সময়ে জিম্মি অবস্থায় থাকা ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ধানসিদ্ধির চর এলাকায় নানাভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ জন সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এর আগে ছোট সুমন বাহিনী, বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য এবং ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যসহ আরও ৩৭ জন অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আত্মসমর্পণকারীদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ এবং আত্মসমর্পণকারীদের পুনর্বাসনসংক্রান্ত কার্যক্রমও চলমান রয়েছে।
সুন্দরবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দস্যুতা দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।