উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের হাটহাজারীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেছে। এতে শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলসংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে নাজিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মির্জাপুর এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করেন।
উদ্ধারকৃতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সাব্বির, পূজা দে, সৈকত, সূচনা দে, শিখা, ফরহাদ, ফারহান, নাজমা ও মনোয়ারের নাম জানা গেছে।
বাসযাত্রী রুমি আক্তার জানান, তিনি চট্টগ্রাম থেকে ফটিকছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেছিলেন। বাসটি হাটহাজারী মুন্সির মসজিদ এলাকা অতিক্রম করার পর দ্রুতগতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহের নিগার কুমকুম জানান, গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।