উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সরকারি উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি মনে করে, এই প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এই প্রতিবাদ জানান। নেতারা বলেন, এই গ্রেডগুলোতে লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর চিন্তা সম্পূর্ণ অবিবেচনাপ্রসূত এবং এতে প্রশাসনে দলীয়করণ বাড়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অনিয়ম বন্ধের দোহাই দিয়ে এমন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে যা উল্টো অনিয়মের নতুন পথ উন্মুক্ত করবে। অসদুপায় রোধ করতে লিখিত পরীক্ষার নম্বর কমানোর বদলে বরং পরীক্ষার সার্বিক নিরাপত্তা, কড়া তদারকি ও সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।
ছাত্র ইউনিয়নের নেতারা স্পষ্ট ভাষায় জানান যে সরকারি চাকরি কোনো রাজনৈতিক দলের আনুগত্যের পুরস্কার হতে পারে না, বরং এটি সরাসরি জনগণের প্রতি দায়িত্ব। তাই কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পরিচয় না দেখে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সরকারি নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।
বিদ্যমান নিয়োগ ব্যবস্থায় কোনো ত্রুটি বা সমস্যা থাকলে তা দূর করতে জনপ্রশাসন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এই খসড়া বিধিমালা প্রণয়নের উদ্যোগ অবিলম্বে বাতিল করে নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার মূল্যায়ন দাবি করেছে সংগঠনটি।