উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামে সৌদি আরবপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় ওই নারী, কাজী পারভীন আক্তারকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রবাসী মো. জহির শাহের ভাইয়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। পরে আদালত দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) নগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি আই-ব্লকের ৮০ নম্বর প্লটের দ্বিতীয় তলায় জহির শাহের মালিকানাধীন একটি ফ্ল্যাট থেকে এএসআই নুরুন্নবী মুন্না ও পারভীন আক্তারকে স্থানীয়রা আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।মামলার এজাহারে বলা হয়েছে, জহির শাহ ২০১৮ সালের ২৯ মার্চ সৌদি আরবে যান। এরপর তার স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করতেন তার ছোট ভাই নাদিম। নুরুন্নবী মুন্না আকবরশাহ থানায় কর্মরত থাকার সময় ২০২১ সালের ২০ জুন পূর্বপরিচয়ের সূত্র ধরে জহিরের বাসায় যাতায়াত শুরু করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নুরুন্নবী ওই ফ্ল্যাটে যান। সেখানে তিনি পারভীনের সঙ্গে অবস্থান করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় অভিযোগ করা হয়েছে, দুজন পরস্পর যোগসাজশে ওই ফ্ল্যাট থেকে জহির শাহের বিদেশ থেকে পাঠানো ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা সরিয়ে নেন। মামলায় স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আকবরশাহ থানায় দণ্ডবিধির ৪৯৪, ৪৯৭, ৩২৩, ৩৮০, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে।আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, স্থানীয়রা এএসআই নুরুন্নবী মুন্নাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তাদের মধ্যে আগে থেকেই যোগাযোগ ছিল বলে জানান তিনি। ওসি আরও বলেন, প্রবাসী জহির শাহের ভাই বাদী হয়ে ব্যভিচার, মারধর, চুরি ও হুমকির অভিযোগে মামলা করেছেন। মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় আনা অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হবে।