উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তাঁর বন্ধু সাজ্জাদ (২৪) আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তাঁর মায়ের নাম কাজল রেখা। আহত সাজ্জাদ সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে রাতে মাওয়া ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে মোটরসাইকেলটির চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে হৃদয় ও সাজ্জাদকে উদ্ধার করে। পরে আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহত হৃদয়ের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় সৌদি আরবপ্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যেই তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং তাঁর একটি ছোট কন্যাসন্তান রয়েছে।