উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন ও তৃণমূল পর্যায়ের কার্যক্রম শক্তিশালী করতে দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় কাউন্সিলের সময়সূচি নিয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত নিতে পারে বিএনপি। এ বিষয়ে শনিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে কাউন্সিলের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ এবং আয়োজনের প্রস্তুতি কতটা এগিয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপি সর্বশেষ জাতীয় কাউন্সিল করে ২০১৬ সালের ১৯ মার্চ। দলটির গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর অন্তর জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা। একইভাবে বিভিন্ন কমিটির মেয়াদও তিন বছর। সে হিসাবে নির্ধারিত সময়ের তুলনায় জাতীয় কাউন্সিল আয়োজন বেশ কয়েক বছর পিছিয়ে আছে। দলীয় নেতাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিধিনিষেধ, মামলা ও গ্রেপ্তারসহ নানা প্রতিকূলতার কারণে দলের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে সময়মতো কাউন্সিল আয়োজন করা সম্ভব হয়নি। এখন পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে কাউন্সিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির নেতারা মনে করছেন, এর মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক কাঠামো পুনর্গঠন এবং নতুন নেতৃত্ব সামনে আনার সুযোগ তৈরি হবে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগেই জাতীয় কাউন্সিল আয়োজন করা গেলে তা দলের জন্য ইতিবাচক হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর মন্ত্রী ও সংসদ সদস্যরা সরকারি ও দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের অনেকেই একই সঙ্গে দলের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। জেলা পর্যায় থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত এই বিষয়টি বিবেচনায় নিয়ে দলকে এগিয়ে নিতে জাতীয় কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দলীয় নেতারা জানান, কাউন্সিলের আগে বেশ কিছু জেলা ও মহানগর কমিটি পুনর্গঠনের কাজ শেষ করতে হবে। স্থানীয় নির্বাচন সামনে থাকায় একই সময়ে সাংগঠনিক পুনর্গঠন ও কাউন্সিল আয়োজন করা বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, বিএনপির ৮২টি জেলা ও মহানগর কমিটির মধ্যে ৭২টির মেয়াদ শেষ হয়ে গেছে। কাউন্সিলের আগে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন, আংশিক কমিটি পূর্ণাঙ্গ করা এবং জেলা সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের ওপর গুরুত্ব দিচ্ছে দলটি।
জাতীয় কাউন্সিলকে ঘিরে বিএনপির মহাসচিব পদ নিয়েও আলোচনা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পদ থেকে সরে দাঁড়ালে রুহুল কবির রিজভী বর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন। দলটির সাংগঠনিক কর্মকাণ্ড, কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপনা এবং রাজনৈতিক কর্মসূচিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে মহাসচিব পদে তাঁর নাম আলোচনায় রয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।তাদের মতে, সংসদ সদস্য না হওয়ায় সাংগঠনিক কর্মকাণ্ডে রিজভী তুলনামূলকভাবে বেশি সময় দিতে পারবেন। তবে মহাসচিব পদে চূড়ান্ত সিদ্ধান্ত কাউন্সিলের প্রক্রিয়া ও দলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
জাতীয় কাউন্সিলের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি পুনর্গঠনের বিষয়েও আলোচনা চলছে।দলীয় কার্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, বিএনপির ১১টি অঙ্গসংগঠনের মধ্যে ৯টির কমিটির মেয়াদ শেষ হয়েছে। এসব সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দলটি দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম সচল রাখা নেতাদের পাশাপাশি নতুন নেতৃত্বকেও সামনে আনার পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে। দলীয় সূত্রে হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সুলতান সালাহউদ্দিন টুকু, রকিবুল ইসলাম বকুল ও মিয়া নুরুদ্দিন আহমেদ অপুসহ কয়েকজন নেতার নাম গুরুত্বপূর্ণ দায়িত্বের সম্ভাব্য তালিকায় থাকার কথা জানিয়েছে। তবে জাতীয় কাউন্সিলের তারিখ, নেতৃত্বের পরিবর্তন এবং বিভিন্ন পদে কারা দায়িত্ব পাবেন—এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।