উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার। চাল, ডাল, ভোজ্যতেলের মতো খাদ্যপণ্যের পাশাপাশি সাবান, টুথপেস্ট, ডিটারজেন্ট, নারিকেল তেল, রেজারসহ দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন পণ্যের দামও গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাজারের এই বাড়তি খরচ সামলাতে গিয়ে অনেক পরিবারকে প্রয়োজনীয় পণ্যের তালিকায় কাটছাঁট করতে হচ্ছে। কেউ মাছ-মাংসের পরিমাণ কমাচ্ছেন, আবার কেউ বাদ দিচ্ছেন তুলনামূলক কম জরুরি পণ্য। ফলে আয় একই থাকলেও সংসারের ব্যয় বাড়ায় মাসের শেষ দিকে তৈরি হচ্ছে বাড়তি চাপ।
রাজধানীর কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের নিত্যব্যবহার্য পণ্যের দাম আগের তুলনায় অনেক বেড়েছে। বর্তমানে মাঝারি আকারের একটি লাইফবয় সাবান প্রায় ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক বছর আগে একই পণ্য ৪০ টাকার মধ্যে পাওয়া যেত। বড় আকারের লাক্স সাবানের দাম বর্তমানে প্রায় ৯০ টাকা, যা আগে ছিল ৬৫ টাকার কাছাকাছি।
ডিটারজেন্টের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। এক কেজি হুইল পাউডার বর্তমানে প্রায় ১৭০ টাকা এবং এক কেজি রিন পাউডার প্রায় ২০০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক বছর আগে এসব পণ্যের দাম ছিল যথাক্রমে প্রায় ১০০ ও ১৪০ টাকা।
টুথপেস্টের দামও বেড়েছে। ১০০ টাকার একটি পেপসোডেন্ট টুথপেস্ট বর্তমানে প্রায় ১৭০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
এ ছাড়া ৫০ টাকার এনার্জি বিস্কুটের দাম আগে প্রায় ৩০ টাকা ছিল। মাঝারি প্যাকেটের চানাচুর বর্তমানে ৫০ টাকা, যেখানে আগের দাম ছিল প্রায় ৩৫ টাকা। একবার ব্যবহারযোগ্য সেভিং রেজারের দামও বেড়েছে। বর্তমানে একটি রেজার প্রায় ৪০ টাকায় বিক্রি হলেও কয়েক বছর আগে ১৫ থেকে ২০ টাকার মধ্যে পাওয়া যেত।
২৫০ মিলিলিটারের বোতলজাত নারিকেল তেলের দাম বর্তমানে প্রায় ২০০ টাকা। আগে এর দাম ছিল ১৪৫ টাকার মতো। একইভাবে অ্যারোসলের দাম ৪০০ টাকা থেকে বেড়ে ৫০০ থেকে ৫৫০ টাকা এবং ২৪০ টাকার এয়ার ফ্রেশনার বেড়ে প্রায় ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
মালিবাগ এলাকার একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করতে আসা মো. হানিফ হাওলাদার বলেন, কয়েক বছরে প্রায় সব নিত্যব্যবহার্য পণ্যের দাম বেড়েছে। কোম্পানিগুলো পণ্যের দাম বাড়ালেও এর যথাযথ তদারকি হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সাধারণ ভোক্তাদেরই শেষ পর্যন্ত বাড়তি ব্যয়ের চাপ নিতে হচ্ছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, বিভিন্ন যৌক্তিক কারণে পণ্যের দাম বাড়তে পারে। তবে অনেক সময় ব্যবসায়ীরা সেই সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফার জন্য দাম আরও বাড়িয়ে দেন।
তাঁর মতে, কোনো পণ্যের উৎপাদন বা আমদানি ব্যয় কতটা বেড়েছে এবং সেই অনুপাতে খুচরা দাম কতটা বাড়া যৌক্তিক—তা যাচাই করা প্রয়োজন। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা কারসাজি পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার পাশাপাশি বাজার তদারকি আরও জোরদার করা দরকার।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা মহামারির পর আন্তর্জাতিক বাজারে কাঁচামাল ও বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। একই সময়ে দেশে পরিবহণ ব্যয়, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং ডলারের বিনিময়মূল্যের পরিবর্তনের প্রভাবও উৎপাদন ও আমদানি ব্যয়ে পড়েছে।
এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের মূল্য আরও বেড়ে যায়। আমদানিনির্ভর কাঁচামালের ক্ষেত্রে বাড়তি খরচের প্রভাব পড়ে স্থানীয় বাজারেও।
তবে এসব ব্যয়ের পাশাপাশি বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি হচ্ছে কি না, সেটিও নজরদারির মধ্যে রাখার প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর সাবেক মহাপরিচালক ড. এমকে মুজেরী বলেন, মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসার সুযোগ থাকবে, তবে এর অর্থ ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নির্ধারণ করবেন—এমন নয়। বাজারে প্রতিযোগিতা ও ভোক্তার স্বার্থ রক্ষায় সরকারের কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা থাকা প্রয়োজন।
তিনি বাজার তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার সুযোগ রয়েছে। তবে পণ্যের দাম নিয়ে কারসাজি বা অনিয়ম হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত বাজার তদারকির পাশাপাশি ব্যবসায়ীদেরও ভোক্তা অধিকার ও ন্যায্য মূল্যের বিষয়ে সচেতন করা হচ্ছে।
তবে নিত্যপণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যে বাড়ছে, তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। আয় না বাড়লেও প্রয়োজনীয় পণ্যের পেছনে বাড়তি অর্থ ব্যয় করতে হওয়ায় অনেক পরিবারকেই এখন ব্যয়ের অগ্রাধিকার নতুন করে নির্ধারণ করতে হচ্ছে।