উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করেছেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ নম্বরের ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার চেষ্টা করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
ওসি জানান, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে তাদের পক্ষ থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকশ মানুষকে মিছিলে অংশ নিতে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। ভিডিওতে মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশের রাবার বুলেট নিক্ষেপের দৃশ্যও রয়েছে।
দাউদ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর গুলশান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।