উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটই খুলে দেওয়া হয়েছে। উজানে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অতিরিক্ত পানি দ্রুত সরিয়ে দেওয়ার লক্ষ্যেই গেটগুলো খোলা হয়েছে বলে জানা গেছে। এর প্রভাবে রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানি দ্রুত বাড়ছে। স্থানীয় পর্যবেক্ষণ অনুযায়ী, গত তিন দিনে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি প্রায় দুই মিটার বেড়েছে। এতে নদীর চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজশাহীতে পদ্মার পানি ১৭ দশমিক ২৬ মিটারে প্রবাহিত হচ্ছিল। ১৮ দশমিক ৫০ মিটার উচ্চতায় পৌঁছালে তা বিপৎসীমা অতিক্রম করবে।
পদ্মার পানি বাড়ায় এরই মধ্যে মাঝচর, আষাড়িয়াদহ, খিদিপুরসহ চরাঞ্চলের বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যেও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পানি আরও বাড়লে চরাঞ্চলের বসতি, কৃষিজমি ও নদীনির্ভর মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, নদী পর্যবেক্ষণ ও পূর্বাভাসের তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে পদ্মা নদীর পানি বৃদ্ধির তথ্য জানান। তাঁর মতে, পানি বাড়তে থাকায় নদীর চর ও নিচু এলাকাগুলোতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। মোস্তফা কামাল পলাশের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ সেপ্টেম্বর ফারাক্কায় গঙ্গার পানির উচ্চতা ২৩ দশমিক ৭৫ মিটারে পৌঁছেছিল। সেখানে স্থানীয় বিপৎসীমা ২২ দশমিক ২৫ মিটার। অর্থাৎ পানির উচ্চতা বিপৎসীমার প্রায় দেড় মিটার ওপরে ছিল।
তিনি আরও জানান, ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেট খোলা রয়েছে। ব্যারাজ দিয়ে মোট পানিপ্রবাহ প্রায় ১৬ লাখ কিউসেক। এর মধ্যে প্রায় ৪০ হাজার কিউসেক পানি ফিডার খাল দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে ভারতের মুর্শিদাবাদের কয়েকটি নদীতীরবর্তী এলাকায় নতুন করে নদীভাঙনের কথাও উল্লেখ করেন তিনি।
গবেষক মোস্তফা কামাল পলাশের ভাষ্য, ফারাক্কা দিয়ে বাড়তি পানির প্রবাহ একই মাত্রায় বাংলাদেশে প্রবেশ করায় পদ্মা নদীতেও দ্রুত পানি বাড়তে শুরু করেছে। বর্তমান হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী এক থেকে দুই দিনের মধ্যে আরও চরাঞ্চল ও বসতবাড়িতে পানি প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর চর এবং নিচু নদীতীরবর্তী এলাকাগুলোতে বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন এই গবেষক।