উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে প্রায় এক বছর ধরে আওয়ামী লীগের পক্ষে ভুয়া খবর ও অপপ্রচার চালানোর একটি নেটওয়ার্ক শনাক্ত করার দাবি করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাইবান্ধার একজন ব্যক্তি তাদের এআই চ্যাটবট ‘ক্লড’ ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিপুলসংখ্যক ভুয়া বাংলা খবর ও ভিডিও তৈরি করতেন। এসব কনটেন্টের একটি অংশ আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটির বিরুদ্ধে প্রচারের জন্য ব্যবহার করা হতো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত ‘এআই-এর অপব্যবহার শনাক্তকরণ ও প্রতিরোধ: সেপ্টেম্বর ২০২৬’ শীর্ষক ১৫৪ পৃষ্ঠার প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে অ্যানথ্রপিক। প্রতিবেদনে অ্যানথ্রপিক জানায়, অভ্যন্তরীণ তদন্তে ‘জিটিজি-৫৪০০৬’ সংকেতে চিহ্নিত নেটওয়ার্কটির কার্যক্রমে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণাত্মক কনটেন্ট তৈরির বিষয়টি শনাক্ত করা হয়। এসব কনটেন্টের কিছু অংশ ভারতের ভূ-রাজনৈতিক স্বার্থের অনুকূলেও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই অপপ্রচারের পেছনে কোনো দেশের সরকার বা প্রাতিষ্ঠানিক অর্থায়নের সরাসরি প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে অ্যানথ্রপিক।
অ্যানথ্রপিকের প্রতিবেদনে বলা হয়, প্ল্যাটফর্মের নজরদারি ও বিধিনিষেধ এড়াতে ওই ব্যক্তি গত ১৬ মাসে ক্লডের ২৯টি অ্যাকাউন্ট ব্যবহার করেন। ‘fake_news_3.py’ নামে একটি পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে এক ক্লিকেই ১৫টি ভুয়া খবরের শিরোনাম, তিনটি বিভ্রান্তিকর অনুচ্ছেদ এবং ১৫টি ইমেজ তৈরির প্রম্পট তৈরি করা হতো। প্রতিবেদন অনুযায়ী, এভাবে কমপক্ষে ১ হাজার ৫০০টি ভুয়া শিরোনাম এবং ৩০০টি সম্পূর্ণ কাল্পনিক খবর তৈরি করা হয়েছে। পরে এসব কনটেন্ট ফেসবুক লাইভ, ইউটিউব ও টিকটকে ছড়িয়ে দেওয়া হতো। অ্যানথ্রপিকের দাবি, গ্রামীণ ও তুলনামূলক কম শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে গুজব ছড়িয়ে দেওয়াই ছিল এর অন্যতম উদ্দেশ্য।
ব্যবহারকারীর অবস্থান গোপন রাখতে তৃতীয় পক্ষের ভিপিএন বা প্রক্সি ব্যবহার করা হতো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি ইউটিউবের ভিডিওগুলো এক মাস আগেই নির্ধারিত সময় অনুযায়ী প্রকাশের জন্য শিডিউল করে রাখা হতো।
অ্যানথ্রপিক আরও জানিয়েছে, ওই ব্যক্তির নিজস্ব নোট থেকে তারা এমন তথ্য পেয়েছে, যাতে বোঝা যায় তিনি এসব তথ্যকে ভুয়া হিসেবে জানতেন এবং মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে উসকানিমূলক ভাষায় কনটেন্টগুলো তৈরি করতেন।
প্রতিবেদন অনুযায়ী, তৈরি করা কনটেন্টে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটিকে ‘তালেবান ধাঁচের শাসন’ প্রতিষ্ঠার পরিকল্পনাকারী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হতো। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে উপস্থাপন, তাদের ওপর হত্যাচেষ্টার কাল্পনিক গল্প এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে গোপন আঁতাতের মতো বিভ্রান্তিকর তথ্যও প্রচার করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। অ্যানথ্রপিকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে। এই সময় আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় আলোচ্য অপপ্রচার মূলত একটি বিরোধী দলের রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশকেন্দ্রিক বেশ কয়েকটি চ্যানেলে ফেসবুক, ইউটিউব ও টিকটকজুড়ে এসব ভিডিও প্রচার করা হয়েছিল বলেও অ্যানথ্রপিক জানিয়েছে। তবে সব প্রকাশনা অ্যাকাউন্ট শনাক্ত করা সম্ভব হয়নি এবং অ্যানথ্রপিকের নিজস্ব প্ল্যাটফর্মের বাইরে এসব কনটেন্ট কতটা ছড়িয়েছে, সে বিষয়ে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অ্যানথ্রপিক জানিয়েছে, তদন্তে নেটওয়ার্কটির কার্যক্রম শনাক্ত করার পর এর সঙ্গে যুক্ত অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নেটওয়ার্কটির আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে শনাক্তকরণ ব্যবস্থা তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে বিষয়টি জানিয়ে সতর্ক করা হয়েছে।